বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে রেফারিং নিয়ে চলা বিতর্কে মুখ খুলেছেন সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। তার মতে, আর্জেন্টিনা রেফারিদের বিশেষ সুবিধা পেয়েছে এমন কোনো প্রমাণ তিনি দেখেননি।
মিসরের বিপক্ষে শেষ ষোলোতে ২-০ গোলে পিছিয়ে থেকেও আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর প্রতিপক্ষ শিবির থেকে রেফারিং নিয়ে অভিযোগ উঠেছিল। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়, আর্জেন্টিনা কি রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে? তবে সেই বিতর্কে ভিন্ন অবস্থান নিয়েছেন ইয়াকিন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার মনে হয় ম্যাচগুলো খুবই ন্যায্যভাবে পরিচালিত হচ্ছে। এখন তো ভিএআরের মাধ্যমে প্রায় সবকিছুই যাচাই করা যায়। আর্জেন্টিনার ম্যাচগুলোতে রেফারিং নিয়ে খারাপ বা নেতিবাচক কিছু ঘটেছে—আমি এমনটা বলব না।
ম্যাচ শেষে প্রতিপক্ষের অভিযোগ বা সমালোচনারও বিরোধিতা করেন সুইস কোচ। তার ভাষায়, প্রত্যেকেরই জানা উচিত, মাঠে কী করতে হবে। শুধু কথা বললেই হবে না, মাঠে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে হবে। ম্যাচ শেষে অন্যকে অপমান বা দোষারোপ করার কোনো অর্থ নেই।
আসন্ন কোয়ার্টার ফাইনাল নিয়েও নিজের পরিকল্পনার আভাস দিয়েছেন ইয়াকিন। তিনি মনে করেন, আর্জেন্টিনার খেলার ধরন অনেকটাই নির্ধারিত এবং তাদের প্রেসিং ভাঙতে পারলেই সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, আর্জেন্টিনার খেলোয়াড়দের শারীরিক অবস্থা কেমন থাকবে, সেটা আমি জানি না। তবে তারা নির্দিষ্ট কৌশলে খেলে, খুব ভালোভাবে রক্ষণ গড়ে তোলে এবং উঁচুতে উঠে চাপ সৃষ্টি করে। আমরা সেই চাপ কাটিয়ে সুযোগ তৈরি করার চেষ্টা করব। কেপ ভার্দে ও মিশর দু'দলই তাদের বিপক্ষে গোলের সুযোগ পেয়েছিল। আশা করি আমরাও সেই সুযোগগুলো কাজে লাগাতে পারব।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ঘিরে ইতোমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে মাঠের লড়াই শুরুর আগেই ইয়াকিনের মন্তব্য স্পষ্ট করে দিয়েছে, রেফারিং বিতর্ক নয়, তার নজর কেবল ম্যাচের ফুটবলে।









