সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলের জন্য আবারো দুঃখ হয়ে এলো চোট্ট দেশ হংকং। টানা দ্বিতীয়বারের মতো হংকংয়ের কাছে হেরে ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়া কাপে মহাদেশের শীর্ষ ক্রিকেট দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হারাল মধ্যপ্রাচ্যের এই দেশ।
২০১৮ সালে আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের বাছাইপর্ব হয়েছিল মালয়েশিয়ায়। সেবার ওয়ানডে ফরম্যাটের লড়াইয়ে রাউন্ড বরিন লিগে টেবিলের শীর্ষে থাকার পর ফাইনালে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরে এশিয়া কাপে খেলার সুযোগ হারায় আরব আমিরাত। চার বছর পর আবার সেই হংকংয়ের কাছে হেরে স্বপ্নভঙ্গ হলো আমিরাতের। এবার অবশ্য বাছাইপর্বের ফাইনালে নয়, চার দলের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে তাদের হারিয়ে হংকং উঠে যায় মূল পর্বে। ফলে ২৭ আগস্ট নিজ দেশে শুরু হতে যাওয়া এই আসরে দর্শক হয়ে থাকতে হবে আমিরাত ক্রিকেট দলকে।
ওমানে অনুষ্ঠিত বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতা করে হংকং, কুয়েত, আরব আমিরাত ও সিঙ্গাপুর। এতে তিন জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে মূল পর্বের টিকিট পেয়েছে হংকং। মূল পর্বে ওঠার স্বপ্ন দেখা আরব আমিরাত হয়েছে তৃতীয়। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কুয়েত, যারা বুধবার শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারায়।
হংকংকে হারিয়ে মূল পর্বে ওঠার আশা নিয়ে বুধবার মাঠে নামে আরব আমিরাত। যদিও সিঙ্গাপুরকে হারিয়ে তাদের কাজটি কঠিন করে দেয় কুয়েত। কেননা শ্রেয়তর নেট রানরেট ছিল কুয়েতের। এরপর নিজেরাও হেরে গেলে সব সম্ভাবনা শেষ হয় আরব আমিরাতের।
আগে ব্যাটিং করতে নেমে ১৪৭ রানে অলআউট হয় আমিরাতিরা। হংকং ৮ উইকেট হাতে রেখে ১৯তম ওভারের শেষ বলে জয় তুলে নেয়।
এশিয়া কাপের মূল পর্বে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে হংকংকে। ২১ আগস্ট ভারতের মুখোমুখি হবে দলটি, আর ২ সেপ্টেম্বর তারা খেলবে পাকিস্তানের বিপক্ষে।
অন্যদিকে, ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তান। ৩০ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১ সেপ্টেম্বর সাকিব আল হাসানরা খেলবেন শ্রীলংকার বিপক্ষে।










