দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মঙ্গলবার (২৯ অক্টোবর) শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে জাকের আলীর জায়গায় ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার মহিদুল ইসলাম অঙ্কন। কনকাশনের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েন জাকের আলী। আজ তার জায়গায় স্কোয়াডে ২৫ বছর বয়সী অঙ্কনকে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান আজ বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘গতকাল (রোববার) নেটে ব্যাটিং করার সময় কনকাশনের শিকার হন জাকের আলী। তার কনকাশনের ইতিহাস আছে এবং এখনো কিছু উপসর্গ দেখা যাচ্ছে। তার আগের কনকাশনের রেকর্ড বলছে, সেরে উঠতে কিছুটা সময় লাগবে। পরীক্ষা নিরীক্ষার বিচারেই সে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছে।’

এদিকে, ঢাকা বিভাগে খেলা অঙ্কন ৪৩টি ফার্স্ট ক্লাস ম্যাচে করেছেন ১ হাজার ৯৩৪ রান। চলমান ন্যাশনাল ক্রিকেট লিগে খেলা একমাত্র ইনিংসে সিলেট বিভাগের বিপক্ষে তিনি ১১৮ রান করেছেন।