মেজবাউর রহমান সুমন পরিচালিত বহুল প্রতীক্ষিত বাংলা সিনেমা ‘হাওয়া’ প্রেক্ষাগৃহে আসছে ২৯ জুলাই। সিনেমাটির ট্রেলার আর ‘সাদা সাদা কালা কালা’ গান দিয়ে এরই মধ্য দর্শকের মন জয় করে নিয়েছে। বর্তমানে হাওয়া টিমের সদস্যরা সিনেমাটি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে আজ বিকাল ৫টায় বুয়েট ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে সিনেমাটির কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলাকুশলী ও অতিথিদের মধ্যে থাকছেন হাওয়ার পরিচালক মেজবাউর রহমান সুমন, অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ, সোহেল মণ্ডল ও অন্যরা। থাকবেন চলচ্চিত্রের সংগীত পরিচালক ইমন চৌধুরী এবং জনপ্রিয় ব্যান্ড  মেঘদলের সদস্যরা। অনুষ্ঠানে চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিত্বরা হাওয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য ও গল্প তরুণ প্রজন্মের সঙ্গে ভাগাভাগি করে নেবেন। সংগীত পরিবেশন করবে মেঘদল।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত, ফেসকার্ড প্রডাকশন নির্মিত, রাঁধুনী নিবেদিত সিনেমা হাওয়া। এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সোহেল মন্ডল, সুমন আনোয়ারসহ অনেকে।