বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে এশীয় সিনেমা। মুক্তির প্রথম সপ্তাহান্তেই দুর্দান্ত আয় করেছে জাপানের ‘গডজিলা মাইনাস জিরো’ ও ভারতের মহাকাব্যনির্ভর সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড’। বৈশ্বিক বক্স অফিসে প্রথম দুটি স্থানও দখল করেছে সিনেমাগুলো। এ তালিকার শীর্ষ পাঁচে রয়েছে হলিউডের দুটি সিনেমা এবং দক্ষিণ কোরীয় ব্যান্ড স্ট্রে কিডসের কনসার্ট।

বক্স অফিসে ৬ কোটি ৩০ লাখ ডলার আয় করে শীর্ষে রয়েছে তাকাশি ইয়ামাজাকির ‘গডজিলা মাইনাস জিরো’। এর মধ্যে উত্তর আমেরিকার বাজার থেকে এসেছে ৩ কোটি ১৬ লাখ ডলার। আন্তর্জাতিক বাজারে আয় ৩ কোটি ১৪ লাখ ডলার। এর মধ্য দিয়ে উত্তর আমেরিকায় বিদেশী ভাষায় নির্মিত লাইভ-অ্যাকশন সিনেমার সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে ‘গডজিলা’। এর আগে ২০০২ সালে ঝাং ইমুর ‘হিরো’ ১ কোটি ৭৮ লাখ ডলার আয় করে রেকর্ডটি গড়েছিল।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নামিত মালহোত্রা ও নিতেশ তিওয়ারির ‘রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড’। ছবিটির পরিবেশক স্টুডিওর হিসাবে, বিশ্বজুড়ে এর আয় ৫ কোটি ৫৭ লাখ ডলার। ভারতের বাজার থেকে এসেছে ৩ কোটি ২০ লাখ ডলার। যুক্তরাষ্ট্র ও কানাডায় আয় ১ কোটি ২২ লাখ ডলার। অন্য ৩৭টি আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১ কোটি ১৫ লাখ ডলার। বিশ্বজুড়ে ১৩০টির বেশি দেশ ও ১৭টি ভাষায় মুক্তি পাওয়া ছবিটি ১ কোটি ১০ লাখের বেশি টিকিট বিক্রি করেছে।

তৃতীয় স্থানে রয়েছে ওয়ার্নার ব্রাদার্সের অ্যানিমেশন সিনেমা ‘দ্য ক্যাট ইন দ্য হ্যাট’। বিশ্বজুড়ে ছবিটির আয় ৩ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্যে উত্তর আমেরিকায় দ্বিতীয় সপ্তাহান্তে আয় ২ কোটি ৫০ লাখ ডলার।

চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ কোরীয় ব্যান্ড স্ট্রে কিডসের কনসার্ট চলচ্চিত্র ‘স্ট্রে কিডস ওয়ার্ল্ড ট্যুর: রান ইট লাইভ ভিউয়িং’। বিশ্বজুড়ে এর আয় ১ কোটি ৩৯ লাখ ডলার।

শীর্ষ পাঁচের শেষ স্থানে রয়েছে ওয়ার্নার ব্রাদার্সের ডিসি কমিকসনির্ভর সিনেমা ‘ক্লেফেস’। ছবিটির বৈশ্বিক আয় ১ কোটি ৩৪ লাখ ডলার।

এদিকে, আইম্যাক্সের পর্দায়ও দাপট দেখিয়েছে ‘গডজিলা মাইনাস জিরো’ ও ‘রামায়ণ’। দুটি সিনেমা মিলিয়ে সপ্তাহান্তে আইম্যাক্সের বৈশ্বিক আয় হয়েছে ২ কোটি ৯০ লাখ ডলার। এর মধ্যে ‘গডজিলা মাইনাস জিরো’ একাই আয় করেছে ২ কোটি ১৩ লাখ ডলার। আর ‘রামায়ণ’-এর আইম্যাক্স আয় ৬০ লাখ ডলার।

ভ্যারাইটি অবলম্বনে