কমেডি সিনেমা ‘হ্যাপি পাটেল: খতরনাক জাসুস’ মুক্তির তিনদিনে আয় করেছে ৪ দশমিক ৩৫ কোটি রুপি। সিনেমাটি ১৬ জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পায়। তুলনামূলক অনেক কম বাজেটে নির্মাণের কারণে এটি নিয়ে দর্শক ও চলচ্চিত্র অঙ্গনে আলোচনা-আগ্রহ তৈরি হয়। মুক্তির পর এটি দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকে সূক্ষ্ম ও ব্যঙ্গাত্মক কৌতুক উপভোগ করলেও দর্শকের একাংশের মতে ছবিটি প্রত্যাশিত হাসির রসদ জোগাতে পারেনি।
পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা থাকলেও সিনেমাটি ধীরে ধীরে বক্স অফিসে নিজের জায়গা তৈরি করে নিতে চলেছে। মুক্তির প্রথম দিন (শুক্রবার) আয় করে ১ দশমিক ২৫ কোটি রুপি। দ্বিতীয় দিন (শনিবার) ১ দশমিক ৬ কোটি এবং তৃতীয় দিন (রবিবার) আয় করে ১ দশমিক ৫০ কোটি রুপি। রোববার পর্যন্ত মোট আয় ৪ দশমিক ৩৫ কোটি রুপি।
বলিউডে এখন একসঙ্গে একাধিক নামি অভিনেতাদের নিয়ে সিনেমা নির্মাণ হচ্ছে। ‘হ্যাপি পাটেল: খতরনাক জাসুস’ সে রকম ধারারই সিনেমা। এর চিত্রনাট্য লিখেছেন বীর দাস ও অমোঘ রাঁদিভে। বীর দাস সিনেমায় অভিনয়ের পাশাপাশি কবি শাস্ত্রীর সঙ্গে যৌথভাবে পরিচালনাও করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক আমির খান। আরো অভিনয় করেছেন মিথিলা পালকর, মোনা সিং, শারিব হাশমি ও সৃষ্টি তাওয়াদে। এছাড়া ছবিতে আরো দেখা গেছে সাইমন ফেইল্ডার, বেনেডিক্ট গ্যারেট, জেমাইমা ডন ও অশ্বিন মুশরানকে। বিশেষ উপস্থিতিতে রয়েছেন আমির খান, ইমরান খান, সঞ্জীব কাপুর, মেইয়াং চ্যাং, অ্যাশ কিং ও সুমুখী সুরেশ।
সম্প্রতি এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বীর দাস জানান, তার এ সিনেমার মোট বাজেট খুবই কম। ‘ধুরন্ধর’ ছবির শুধু ক্যাটারিং বাজেটের চেয়েও কমে করা হয়েছে এ সিনেমা। বর্তমানে উচ্চমাত্রার অ্যাকশন নির্ভর সিনেমার ভিড়ে এমন একটি কমেডি-ড্রামা প্রযোজনা করার জন্য অনেকে আমির খানেরও প্রশংসা করেছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া










