বিশ্বের অন্যতম একটি সমস্যা জলবায়ু পরিবর্তন। এ সমস্যা নিরসনের জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছেন বিশ্বনেতারা। জলবায়ু পরিবর্তনে বিশ্বে সৃজনশীল ও কার্যকর ভূমিকা রাখছেন, এমন নেতৃত্বদের নিয়ে সম্প্রতি সুইডেনে একটি সম্মেলন অনুষ্ঠিত হলো। ‘ক্রিয়েটিভ ক্লাইমেট লিডারশিপ-স্ক্যান্ডিনেভিয়া’ শীর্ষক এ আয়োজনে প্রথমবারের মতো বাংলাদেশী হিসেবে অংশ নিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি। ২ নভেম্বর সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হওয়া এ সম্মেলনে অংশ নেন বিভিন্ন দেশের প্রতিনিধি। এ আয়োজনে অংশ নিয়ে জলবায়ু পরিবর্তনে জনসচেতনতায় নিজের সংগীত উদ্যোগ ‘নদীরক্স’-এর কথা তুলে ধরেন সুমি।

জলবায়ু, নদী, তারুণ্য আর সংগীতের শক্তিকে এক করে নদীরক্স। সুমির নেতৃত্বে এ উদ্যোগ বাস্তবায়ন করছে সল্ট ক্রিয়েটিভ। দেশের বিপন্নপ্রায় নদীগুলো নিয়ে গান গাইছে দেশের জনপ্রিয় সব ব্যান্ড। সে গানগুলো প্রকাশের পাশাপাশি দেশব্যাপী কনসার্টও শুরু করেছেন সুমি। যেটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্য তার। এবার সে যাত্রায় যুক্ত হলো জলবায়ু রক্ষায় সৃজনশীল পদ্ধতিতে ভূমিকা রাখা আন্তর্জাতিক নেতৃত্ব। সম্মেলনে ভূয়সী প্রশংসা পেয়েছে তার এ উদ্যোগ। নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, ইরান, সুইজারল্যান্ড, ইউকেসহ আরো বেশকিছু দেশের বৈশ্বিক পরিবেশ নিয়ে কাজ করছেন এমন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিল্পী, নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন এ সম্মেলনে। কীভাবে সৃজনশীল উপায়ে আরো বেশি মানুষকে পরিবেশের ব্যাপারে সচেতন করা যায়, তার উপায় নিয়ে কথা বলতেই এ আয়োজন। এতে উপস্থিত হয়েছিলেন পরিবেশ আন্দোলন নিয়ে কাজ করা গ্রেটা থুনবার্গের ‘ফ্রাইডেইজ ফর ফিউচার’-এর প্রতিনিধিরা।

নরওয়ে থেকে সুমি বলেন, ‘‌জলবায়ু ও নদী রক্ষায় বাংলাদেশ থেকে আমাদের সমবেত প্রচেষ্টা ‘‘‌নদীরক্স’’ নিয়ে এবার জানানোর সুযোগ হলো বিশ্বপরিমণ্ডলে। এখানে আসা প্রত্যেকে এ উদ্যোগের জন্য দারুণভাবে সাধুবাদ জানিয়েছেন। আমাদের নদী দেখে, আমাদের ব্যান্ডগুলোর গান শুনে অভিভূত হয়েছেন। এখানে এসব দেশ থেকে আসা মিউজিশিয়ানরা নদীরক্সের গানে বাজাতে চেয়েছেন। অনেকেই নদীরক্সে শামিল হতে চেয়েছেন। অনেকে তাদের দেশেও এ আইডিয়ায় কাজ করতে চেয়েছেন। আয়োজনের পুরো পরিবেশটা ছিল ভীষণ পারিবারিক, ক্রিয়েটিভ। যেখানে প্রত্যেকে আসলে যার যার জায়গা থেকে সত্যিকার অর্থে পৃথিবী নিয়ে ভাবছে। কিছু করার চেষ্টা করছে। মানুষ হিসেবে আমাদের যেমন অনেক সীমাবদ্ধতা আছে, হয়তো পৃথিবীর জন্য করার আছে তার চেয়ে বেশি কিছু।’ 

বিশ্বের অন্যতম বৃহৎ দুই সংগীত সম্মেলনে অংশ নিতে টানা বিশ্বভ্রমণে আছেন চিরকুট ব্র্যান্ডের জনপ্রিয় এ শিল্পী। পর্তুগালে অনুষ্ঠিত আন্তর্জাতিক সংগীত সম্মেলন ‘ওম্যাক্স’-এ অংশগ্রহণের পর বর্তমানে বিশ্বখ্যাত ‘অসলো ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে এখন নরওয়েতে অবস্থান করছেন তিনি। উৎসবে অংশগ্রহণের আগেই যোগ দেন সুইডেনের এ আন্তর্জাতিক জলবায়ুকেন্দ্রিক সম্মেলনে।