সিনেমার প্লেব্যাকে জুটি হিসেবে এ সময়ে দারুণ জনপ্রিয় ইমরান-কনা। কেউ কেউ এ জুটিকে গানে সময়ের সেরা জুটি হিসেবেও বিবেচনা করেন। সিনেমায় তারা জুটি হিসেবে যেমন অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন, তেমনি নাটকেও উপহার দিয়েছেন সেরা কিছু গান। এ ধারাবাহিকতায় আবারো তারা নাটকে আরো একটি জনপ্রিয় গান করেছেন। কিছুদিন আগেই ইউটিউবে প্রকাশ পায় মো. তৌফিকুল ইসলাম পরিচালিত ইয়াশ রোহান ও নাজনীন নীহা অভিনীত ‘জনম জনমে’ নামের একটি নাটক। এ নাটকেই ‘বন্ধুয়া’ শিরোনামের একটি গান গেয়েছেন কনা-ইমরান। গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর, সুর সংগীত করেছেন সজীব। এরই মধ্যে গানটি ১৪ লাখের বেশি ভিউ পেয়েছে।
দিলশাদ নাহার কনা বলেন, ‘জনম জনমে নাটকটি আমি দেখেছি। গল্পের সঙ্গে সমন্বয় রেখেই বন্ধুয়া গানটি করা। গানটির কথা ও সুর খুব সুন্দর। সবসময়ই চেষ্টা করি নতুন গান গাওয়ার সময় নিজের সেরাটুকু দিয়েই গাইতে। শ্রোতা দর্শকের মাঝে আমার ও ইমরানের গানের প্রতি একটা আলাদা টান রয়েছে। যে কারণে আমরাও চেষ্টা করি, সিনেমা বা নাটক যেখানেই হোক নতুন মৌলিক গান হলে তা মন দিয়ে গাইতে, যেন গানটি শ্রোতা দর্শকের ভালো লাগে। বন্ধুয়া গানটি প্রকাশের পর শ্রোতা দর্শকের ভালো লাগছে, এটাই আমাদের প্রাপ্তি।’
ইমরান বলেন, ‘কনা আপার সঙ্গে এর আগেও আমার অনেক গান গাওয়া হয়েছে। সিনেমা বা নাটকে অনেক জনপ্রিয় গান রয়েছে। গানগুলো আমাদের জন্য ইতিবাচক প্রভাবই বয়ে আনে। বিশেষত স্টেজ শোয় ভক্তদের অনুরোধ থাকে সেসব গান গাওয়ার। মৌলিক গান হিট বা সুপারহিট হলে সেটা আমাদের জন্যই অনেক পজিটিভ ভাইভ ক্রিয়েট করে। স্টেজ শোয়ে সেসব গানের আবেদন থাকে আশা করছি জনম জনমের এ গানেরও চাহিদা থাকবে। কনা আপা ও আমি সবসময়ই চাই, সিনেমায় বা নাটকে মন দিয়ে গান গাইতে। বন্ধুয়া গানটির শ্রোতাপ্রিয়তা আরো অনেক বাড়বে বলেই আমি বিশ্বাস করি।’
এদিকে এরই মধ্যে কনা ও ইমরান নতুন বছরের শুরুতে বেশ কয়েকটি স্টেজ শোয়ে পারফর্ম করেছেন। ইমরান আগামী ২ মে সিডনি যাচ্ছেন পারফর্ম করতে, সঙ্গে যাচ্ছে তার ব্যান্ড আই কিংস।










