প্রিয়াংকা চোপড়ার অভিনয় নিয়ে একটি জনপ্রিয় প্রবাদ চালু আছে। প্রিয়াংকা হলো পানির মতো। যে পাত্রে রাখা হয় সে পাত্রের রঙ ধারণ করে। এখন পর্যন্ত যতগুলো সুযোগ পেয়েছেন, তার প্রায় প্রতিটিতেই নিজের ছাপ আলাদা করে রেখেছেন। অনেকটা সব্যসাচী একজন ব্যক্তিত্ব যিনি মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্স, বলিউড, হলিউড, সংগীত সব অঙ্গনেই সমান দাপট দেখিয়েছেন। তবে তার উত্থান পর্বটা এতটা সহজ ছিল না।

জীবনের বর্তমান মোড় অবধি যে পথচলা, সেগুলোর সমন্বয়ে এবার লেখনি জগতে হাজির হচ্ছেন প্রিয়াংকা চোপড়া। এরই মধ্যে তার আত্মজীবনীর চূড়ান্ত কপি প্রকাশনীতে দেয়া হয়েছে বলেও সোস্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি। বইয়ের নাম দিয়েছেন ‘আনফিনিশড’ বা অসমাপ্ত। ১৭ আগস্ট নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বইটির পাণ্ডুলিপির ছবি দিয়ে লিখেছেন, ‘অসাধারণ অনুভূতি হচ্ছে। অবশেষে এ লেখাগুলো প্রথমবারের মতো বই আকারে প্রকাশিত হতে যাচ্ছে।’


যতদূর জানা গেছে, বইটিতে তার উত্থান পর্বের একদম শুরুর বর্ণনা, মিস ইন্ডিয়া ও মিস ইউনিভার্স খেতাব জেতার পেছনের রহস্য, বলিউড যাত্রা, হলিউডে পদার্পণ, নিক জোনাসের সঙ্গে পরিচয় ও পরিণয় এবং তার পেশাদার ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এ বছরের শেষ দিকে বা আগামী বছরের একদম শুরুর দিকেই বাজারে আসতে যাচ্ছে বইটি।

উল্লেখ্য, বর্তমানে প্রিয়াংকা চোপড়া ব্যস্ত রয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ম্যাট্রিক্স-এর চতুর্থ কিস্তির ছবির শুটিং নিয়ে। এছাড়া অ্যামাজন প্রাইমের একটি ছবির জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন। নিজের পেশাদার জীবনের পাশাপাশি স্বামী নিক জোনাসের বিভিন্ন কনসার্টের জন্য নিয়মিত তার সঙ্গে ভ্রমণ করছেন।

 

সূত্র: ওপেন ম্যাগাজিন