অস্কারে পাঠানো হচ্ছে এসএস রাজামৌলির ব্লকবাস্টার সিনেমা আরআরআর। সিনেমাটি নিয়ে এখনো দর্শকদের আগ্রহ কমেনি। যদিও তর্ক হচ্ছিল সিনেমাটি আদৌ অস্কারের উপযোগী কিনা। তবে সম্প্রতি একের পর এক নানা আন্তর্জাতিক পুরস্কার জিতে নিচ্ছে আরআরআর। ফলে স্বাভাবিকভাবেই রাজামৌলির আত্মবিশ্বাস তুঙ্গে। সম্প্রতি তিনি জানিয়েছেন আরআরের সিকুয়েল আনবেন তিনি। শিকাগোতে সিনেমার স্ক্রিনিংয়ের সময় তিনি এ কথা জানান।
রাজামৌলি জানিয়েছেন তিনি আরআরআরের সিকুয়াল নিয়ে কাজ করছেন। এখন প্রাথমিক পর্যায়ের কাজ চলছে। চিত্রনাট্য লিখবেন তার বাবা বিজয়েন্দ্র প্রসাদ। এরই মধ্যে তিনি কাজ শুরু করেছেন। রাজামৌলি বলেন, আমার সব সিনেমার চিত্রনাট্য আমার বাবা লেখেন। আমরা আরআরআর নিয়ে আলোচনা করেছি এবং তিনি গল্প নিয়ে কাজও শুরু করেছেন।
রাম চরণ, এনটিআর জুনিয়র ও আলিয়া ভাট অভিনীত আরআরআর ভারতে মুক্তি পায় গত ২৫ মার্চ। মুক্তির পর থেকেই ভারতে সিনেমাটি প্রভূত জনপ্রিয়তা লাভ করে। সম্প্রতি সিনেমাটি লাভ করেছে স্যাটার্ন অ্যাওয়ার্ড। জাপানে মুক্তির পর সিনেমাটি ভারতীয় সিনেমার মধ্যে জাপানে সর্বোচ্চ আয় করে। ফলে সিকুয়েলের কথা ভাবতেই পারেন রাজামৌলি।
সূত্র: দি ইন্ডিয়া টুডে










