মুক্তি পেল মণি রত্নম পরিচালিত পোনিয়িন সেলভান বা পিএস ওয়ান পার্ট ওয়ানের ট্রেলার। ৩ মিনিট ২৩ সেকেন্ড দীর্ঘ এ ট্রেলারে সিনেমার গুরুত্বপূর্ণ সব চরিত্রের পাশাপাশি গল্পের সারাংশ এসেছে। ট্রেলার শুরু হয় আদিত্য কারিকালানের চরিত্রে বিক্রমের লুক দিয়ে। ঘোড়ায় চড়ে বিক্রমের এন্ট্রি দৃশ্য দর্শক পছন্দ করেছে, তা ইউটিউবে কমেন্ট বক্স থেকেই বোঝা যায়। পুরো ট্রেলারটির দৃশ্য ও চিত্রায়ণ অসাধারণ। বাহুবলীর পর এত বড় ক্যানভাসে এমন চিত্রায়ণ দর্শকের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।
ট্রেলারের একটি অংশে বলা হয়েছে, এটি ভারতের সেরা সাম্রাজ্যের গল্প। এ কথা অত্যুক্তি নয়। কারণ দীর্ঘ সময়জুড়ে চোল সাম্রাজ্য ভারতের একটি বড় অংশ শাসন করেছে। সে সাম্রাজ্যের অন্যতম বীর ও মহাকাব্যিক নায়ক আদিত্য কারিকালান (দক্ষিণ ভারতে অবশ্য উচ্চারণটি আদিথিয়া এবং এ নিয়ে অনেকের তোপের মুখে পড়েছিলেন মণি রত্নম)। আদিত্য, তার পরিবার ও প্রতিদ্বন্দ্বী নিয়ে এ সিনেমার গল্প।
পোনিয়িন সেলভানে অভিনয় করেছেন বিক্রম, ঐশ্বরিয়া রাই বচ্চন, জয়ম রবি, কার্থি, ঐশ্বরিয়া লক্ষ্মী, শোভিতা ধুলিপালা, প্রভু, আর শরতকুমার, প্রকাশ রাজ, তৃষা কৃষ্ণান। ট্রেলারে তাদের সবাইকে কমবেশি দেখা গিয়েছে। এর সঙ্গে ছিল প্রেম, শত্রুতা, দ্বৈরথ, যুদ্ধ ও কূটনীতি। একটি অ্যাকশন প্যাকড সিনেমায় যা যা থাকা প্রয়োজন তার সবই দেখা গিয়েছে ট্রেলারে। তবে মজার ব্যাপার এ সিনেমায় যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তামিল সিনেমার দুই কিংবদন্তি রজনীকান্ত ও কমল হাসান। সিনেমার ট্রেলার ও অডিও লঞ্চে প্রধান অতিথি হয়েছিলেন তারা। সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে তারা কল্কি কৃষ্ণমূর্তির প্রতিভার প্রশংসা করেন। তিনিই পোনিয়িন সেলভানের লেখক।
এ সময়ই বেরিয়ে আসে কিছু নতুন তথ্য। কমল হাসান জানান, তিনি পোনিয়িন সেলভান নির্মাণ করতে চেয়েছিলেন। এমনকি তিনি এমজি রামচন্দ্রনের কাছ থেকে বইয়ের স্বত্বও কিনেছিলেন। তিনি বলেন, ‘কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। মণি রত্নম আর আমি এ নিয়ে অনেক কথা বলেছি। সেটা আরেক গল্প। এমজিআর চেয়েছিলেন আমরা যেন কাজটা তখনই শুরু করি। তখন বুঝিনি কেন বলছেন। এরপর বইটা পাবলিক ডোমেইনে চলে আসে। তখন বেশ খারাপ লেগেছিল। আমার সবসময় মনে হতো আমি বা মণি কারো সিনেমাটি নির্মাণ করা উচিত। আমি পারিনি, কিন্তু মণি সেটা করেছে। সিনেমাটি ভালো করবে এবং খুশির বিষয় আমি তার অংশ হতে পারলাম।’
বলে রাখা ভালো, কমল হাসান এ সিনেমার কথক।
অনুষ্ঠানের মধ্যে রজনীকান্তও সিনেমাটি নিয়ে তার স্মৃতি শেয়ার করেন। তিনি জানান, একসময় এ কাহিনীর ভালাভারিয়া ভানিদিয়াদেব চরিত্রের জন্য তাকে ভাবা হতো। মণি রত্নমের সিনেমার এ চরিত্রে অভিনয় করছেন কার্থি। রজনীকান্ত বলেন, ‘একবার সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতাকে একজন জিজ্ঞেস করেছিল যে পোনিয়িন সেলভান থেকে সিনেমা নির্মিত হলে ভালাভারিয়া ভানিদিয়াদেব চরিত্রে তিনি কাকে দেখতে চাইবেন। তিনি আমার নাম করেছিলেন। তারপর বইটা পড়ি এবং আমার মনে হয়েছিল কল্কি বেঁচে থাকলে তার চরণ স্পর্শ করতাম।’
কমল হাসানও রজনীকান্তের কথায় সায় দেন। তিনি জানিয়েছেন, কমল হাসান যখন বইয়ের স্বত্ব পেয়েছিলেন তখন এমজিআর তাকে বলেছিলেন ভালাভারিয়া চরিত্রে যেন রজনীকান্তকে নেয়া হয়। এতদিন পরে সে সুযোগ আর নেই। কিন্তু উভয় অভিনেতাই এ চরিত্রের জন্য কার্থিকে শুভকামনা জানানোর পাশাপাশি সিনেমাটির সাফল্য কামনা করেছেন।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










