তাই ঈদে নতুন সিরিজ দেখার প্রত্যাশাও থাকে অনেকের। দর্শকদের সেই চাহিদা পূরণ করে চলেছে ওটিটি প্লাটফর্ম চরকি। প্রতি বছরের মতো এবারের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’।
গতকাল বেলা ২টায় সিরিজটির ট্রেলার আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে। নির্মাতা শিহাব শাহীন পরিচালিত এই স্পাই-থ্রিলার সিরিজটি দর্শকরা দেখতে পাবেন ১৭ মার্চ রাত ১২টা থেকে, অর্থাৎ ১৮ মার্চের শুরুতেই।
ট্রেলার দেখে ধারণা করা যায়, ‘ক্যাকটাস’-এর গল্প আবর্তিত হয়েছে মানসিভ নামের এক দক্ষ হ্যাকারকে কেন্দ্র করে। এ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। ট্রেলারে তাকে কয়েদি হিসেবে দেখা গেলেও রাষ্ট্রীয় এক সংকট মোকাবেলায় সরকারের সহায়তায় তাকে আবারো হ্যাকিংয়ের ময়দানে নামতে হয়।
প্রীতম হাসান জানান, মানসিভ চরিত্রটির একটি জার্নি আছে যা চরিত্রটিকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়, সেটি দর্শকরা আগ্রহ নিয়ে দেখতে চাইবেন।
অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয় করেছেন অনুরা চরিত্রে। এই সিরিজে তাকে একদম নতুন অবতারে—শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং অ্যাকশন লুকে দেখা যাবে। ট্রেলার দেখে ধারণা করা যায় চরিত্রটির মধ্যে রহস্যও লুকিয়ে আছে। মেহজাবীন বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রটি ভীষণ ইন্টারেস্টিং। এর আগে আমি এই লেভেলের অ্যাকশন করিনি।’
সিরিজটির নির্মাতা এই সিরিজের মাধ্যমে নিজস্ব একটি স্পাই ইউনিভার্স তৈরির ভিশন নিয়ে কাজ করেছেন। নির্মাতা জানান, ‘ক্যাকটাস’ গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটি কাজ হতে যাচ্ছে এবং এর গল্পের পরিসর অনেক বড় করে চিন্তা করেছি আমরা।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘ঈদে দর্শকদের জন্য চরকি সিরিজ মুক্তি দিয়ে আসছে এবং প্রতিবারই দর্শকরা সেই কনটেন্টকে ভালোবাসা দিয়েছেন, জনপ্রিয় করে তুলেছেন। আশা করছি “ক্যাকটাস”-এর ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। আমরা আমাদের সেরাটা দিয়ে একটি বুদ্ধিদীপ্ত সিরিজ দর্শকদের উপহার দেয়ার চেষ্টা করেছি।’
চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’-এর গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন-হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর ও রেজওয়ান কবির। চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানস বন্দ্যোপাধ্যায়, নাজিবা বাশার, সালাহউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু ও সানজিদা তাসনীম। সিরিজের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এডওয়ার্ড গোমেজ।










