দীর্ঘ দু’দশকের কর্মজীবনে নিজেকে বারবার নতুনভাবে হাজির করেছেন তামান্না ভাটিয়া। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করার পর এখন বলিউডেও তিনি এক পরিচিত মুখ। গ্ল্যামার, নাচ আর পর্দায় উপস্থিতি—সব মিলিয়ে বলিউড তাকে ‘আইটেম ডান্সার’ হিসেবেও দিয়েছে বিশেষ পরিচয়।
তবে শুরুতে এমনটা ভাবেননি অভিনেত্রী। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক সময় ভেবেছিলেন, সিনেমায় থাকবেন মাত্র দশ বছর। এরপর বিয়ে, সংসার আর সন্তান নিয়ে স্বপ্নের ঘর বাঁধবেন। কিন্তু ৩০-এর কোঠায় পৌঁছে সেই ভাবনা বদলে গেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, ‘যখন কাজ শুরু করি, তখন ইন্ডাস্ট্রি একেবারে অন্যরকম ছিল। তখন নায়িকাদের কর্মজীবন খুব ছোট ছিল—মাত্র ১০ বছরেই শেষ হয়ে যেত।’ কিন্তু সময়ের সঙ্গে বদলেছে সিনেমার জগৎ। এখন নায়িকাদের বয়স অনুযায়ী চরিত্র লেখা হয়, নতুন গল্পের পরিসর তৈরি হয়।
অভিনেত্রীর ভাষায়, ‘আমি ভেবেছিলাম ১০ বছর পর অভিনয় ছেড়ে দেব। কিন্তু ৩০ হওয়ার পর যেভাবে নতুন নতুন সিনেমার প্রস্তাব আসতে শুরু করল, তাতে এই বয়সটাকেই উদ্যাপন করছি।’
তামান্নার মতে, বয়স বাড়া মানেই থেমে যাওয়া নয়, বরং সেটাই উদ্যাপনের সময়। বয়স লুকানোর প্রয়োজন নেই, বরং বয়সের সঙ্গে নিজের আত্মবিশ্বাসটাকেই গর্বের সঙ্গে তুলে ধরা উচিত। এই বিশ্বাসেই এগিয়ে যাচ্ছেন দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় এই তারকা।










