‘দ্য ব্রুটালিস্ট’ তারকা আদ্রিয়েন ব্রডি অস্কারে সেরা অভিনেতার পুরস্কারের জন্য ফেভারিট ছিলেন। কোনো চমক নয়— ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস জিতলেনও তিনি। এই চলচ্চিত্রে হাঙ্গেরীয় অভিবাসী ও হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া লাসলো টোথের চরিত্রে অভিনয় করেছেন তিনি। যুদ্ধ পরবর্তী আমেরিকায় একজন স্থপতি হিসেবে তার জীবন নতুন করে গড়ে তোলার চেষ্টা করছেন, মোটা দাগে এমন ছিল তার চরিত্র।
আজ (৩ মার্চ) ভোরে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয় করে অস্কার জিতেছেন জো সালদানা। একজন আইনজীবীর চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠেছে তার হাতে। স্প্যানিশ-ভাষার সংগীতনির্ভর ছবিটি পরিচালনা করেছেন ফ্রান্সের জ্যাক অঁদিয়ার। একই পুরস্কার তিনি এর আগে বাফটায় পেয়েছিলেন।
অস্কারে সেরা অভিনেতার বিভাগে প্রথম দুই মনোনয়নেই জয়ী হওয়া প্রথম ব্যক্তি হলেন আদ্রিয়েন ব্রডি। এটি তার দ্বিতীয় অস্কার, এর আগে ২০০৩ সালে ২৯ বছর বয়সে তিনি ‘দ্য পিয়ানিস্ট’ ছবিতে হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া ব্যক্তির চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছিলেন। সে সময় তিনি সেরা অভিনেতার বিভাগে সর্বকনিষ্ঠ বিজয়ী হয়েছিলেন।
বিবিসির স্টিভেন ম্যাকিনটশের মতে, দুই বা ততোধিক মনোনয়নের মধ্যে মাত্র সাতজন অভিনেতারই অস্কার জয়ের হার শতভাগ। এই তালিকায় রয়েছেন ভিভিয়েন লি, হিলারি সোয়াঙ্ক, কেভিন স্পেসি, লুইস রেইনার, ক্রিস্টোফ ওয়াল্টজ, হেলেন হেইস ও মাহেরশালা আলি।
এই বিভাগের অন্যান্য মনোনীতরা ছিলেন—
- সেবাস্টিয়ান স্ট্যান - ‘দ্য অ্যাপ্রেন্টাইস’
- রালফ ফিয়েনস - ‘কনক্লেভ’
- কোলম্যান ডোমিংগো - ‘সিং সিং’
- টিমোথি শ্যালামে - ‘আ কমপ্লিট আননোন’
- আদ্রিয়েন ব্রডি - ‘দ্য ব্রুটালিস্ট’
এবারের অস্কারে বেস্ট কস্টিউম ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন পল টাজেওয়েল।
দ্বিতীয়বারের মতো অস্কার জিতে নিলেন শন বেকার। অ্যানোরা ছবিতে কাজ করে সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কার জিতলেন তিনি। তার তীক্ষ্ণ গল্প বলার এবং নিরবচ্ছিন্ন সম্পাদনায় এই বিজয় পেলেন।
এছাড়াও সেরা প্রযোজক হিসেবে অস্কার পেয়েছেন নাথান ক্রাউলি এবং লি স্যান্ডেলস উইকড। সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জেতেন ডেনিস ভিলেনিউভ।
এবারের আসরে সবচেয়ে বেশি ১৩টি মনোনয়ন পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’। এরপর ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকেড’ পেয়েছে ১০টি করে এবং ‘আ কমপ্লিট আননোন’ পেয়েছে ৮টি মনোনয়ন।
সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘উইকেড’ এবং ‘অ্যা কমপ্লিট আননোন’। এছাড়াও এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘আনোরা’, ‘কনক্লেভ’, ‘ডিউন: পার্ট টু’, ‘আই’ম স্টিল হেয়ার’, ‘নিকেল বয়েজ’ এবং ‘দ্য সাবস্ট্যান্স’।










