স্কুল, ক্লাস আর হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকা তনয়ার জীবন স্বাভাবিক গতিতেই চলছিল। তারপর একদিন স্কুল ছুটির পর বাসার পরিবর্তে সে নিজেকে আবিষ্কার করে হোটেল রুমে। সেখান থেকে থানা হয়ে নিজের বাড়িতে। বাড়িতে ফিরলেও সেই বাবা-মায়ের কাছে আর ফেরা হয়নি, যারা এতদিন আদরে-ভালোবাসায় আগলে রেখেছিল তাকে। এভাবে তনয়ার গন্তব্য পাল্টাতে থাকে। পাল্টে যায় সমাজ বাস্তবতা। বাস্তব ঘটনা অবলম্বে ইমরাউল রাফাত নির্মাণ করেছেন ‘তনয়া’। আজ রাত ৮টায় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাবে এটি। ওটিটি প্লাটফর্মের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তনয়া মূলত একটি মেয়ের সমাজ বাস্তবতার ভয়ংকর প্রভাবের সঙ্গে যুদ্ধ করে যাওয়ার গল্প। নাম চরিত্রে দেখা যাবে মাখনুন সুলতানা মাহিমাকে। তনয়ার মাধ্যমে এ ওটিটি প্লাটফর্মে অভিষেক ঘটছে তার। শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু খাঁচার ভেতর অচিন পাখির পর আবার ফিরছেন এ প্লাটফর্মে। ‘তনয়া’ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাখনুন সুলতানা মাহিমা বলেন, ‘প্রথমে তনয়ার গল্প শুনেই আমি খুব অবাক হয়েছি এটা ভেবে যে এটা একটা সত্যি ঘটনা। একটা মেয়ের জীবনে এ রকম অঘটন ঘটে গেছে। বর্তমানে কোনো ঘটনা ঘটলে আমরা খুব সহজেই জাজ করে ফেলি। কিন্তু সেই ঘটনার সত্যটা আমরা কেউ যাচাই করতে যাই না। তনয়া চরিত্রটা এখন পর্যন্ত আমার করা সবচেয়ে কঠিন চরিত্র। অভিনয় করার সময়ই আমার কেমন যেন মনে হচ্ছিল। তাহলে যিনি এ পরিস্থিতির শিকার হয়েছেন তার পরিস্থিতি কী হয়েছিল।’ তনয়ায় আরো অভিনয় করেছেন এসএস জায়ান, শামীমা নাজনীন প্রমুখ।