এক সিনেমায় জনপ্রিয় একাধিক নায়ককে দেখা গেছে আশি ও নব্বইয়ের দশকে। সোহেল রানা, উজ্জ্বল, অসীম, রাজ্জাক, ফারুক, আলমগীর, জসিম, ইলিয়াস কাঞ্চন, মান্না, রুবেল, আমিন খান, অমিত হাসান, রিয়াজ, ফেরদৌস, শাকিল খান, শাকিব খানের মতো নায়ক সমপর্যায়ের কিংবা সিনিয়র-জুনিয়র নায়কদের সঙ্গে একই সিনেমায় অভিনয় করেছেন। কোনো কোনো সিনেমায় তিনজন কিংবা চারজন জনপ্রিয় নায়ককে একসঙ্গে দেখা যেত। ইদানীংকালের সিনেমাগুলোতে একাধিক নায়ককে একসঙ্গে খুব কমই দেখা যায়। এক নায়কের এক সিনেমার এ ধারা প্রবর্তনের কারণ যা-ই হোক, এর প্রভাব সুদূরপ্রসারী। বাংলা সিনেমায় সবচেয়ে বেশি নায়কের সঙ্গে কাজ করেছেন এমন একজন অভিনেতা মিশা সওদাগর। বণিক বার্তাকে এ খল অভিনেতা বলেন, ‘যখন থেকে আমরা পরিচালকনির্ভরতা কমিয়ে শিল্পীনির্ভরতা বাড়িয়ে দিলাম তখন থেকেই এ অবস্থা চলে আসছে। এখন সবাই বলে অমুক নায়কের ছবি মুক্তি পাচ্ছে, অমুক নায়িকার ছবি মুক্তি পাচ্ছে। কেউ বলে না অমুক পরিচালকের ছবি। তখন থেকেই সিনেমায় শিল্পীর প্রভাব বাড়তে থাকে। শিল্পীর প্রভাব বাড়লে সে তার গুরুত্ব বাড়াতে জনপ্রিয় আরেকজন নায়ককে সহ্য করে না। এখন এক-দুজন নায়কের নামে ছবি চলে। অথচ আগে ছবি চলত পরিচালকের নামে। আমরা জানতাম, দিলীপ বিশ্বাস, কাজী জহির, এজে মিন্টু, কাজী হায়াত, মিজান, সোহানুর রহমান সোহান, এনআই মানিকদের ছবি আসছে। এখন জানি শাকিবের ছবি, মৌসুমীর ছবি, শাবনূরের ছবি। সিনেমা পরিচালকের হাত থেকে যেই শিল্পীর হাতে চলে গেল, সেই থেকে একাধিক নায়কের এক ছবিতে আর দেখা পাওয়া যায় না।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি এ অভিনেতা আরো বলেন, ‘শহিদুল ইসলাম খোকন পরিচালক। রুবেল তার অভিনেতা। সিনেমা রুবেলের না, সিনেমা খোকনের। কিন্তু যখনই এক-দুইটা নায়ক নিজেকে সুপার স্টার ঘোষণা দিলেন সেই সুপার স্টার নিজেকে ছাড়া আর কাউকে তার ছবিতে অ্যালাউ করেন না। বড় শিল্পী পরিচালকদের বলেন, আমি একাই পারব। সুপার স্টার একাই পারার ফলে দ্বিতীয় নায়ক, সাইড নায়ক কিংবা প্যারালার রোল কমে গেল।’

মিশা সওদাগর বলেন, ‘একজন সুপার স্টার যদি ২০, ২৫ কিংবা ৩০ লাখ টাকা নেয় প্রযোজক বা পরিচালক আরেকজন বড় শিল্পী নেবেন কীভাবে? সব টাকা তো একজনই নিয়ে নেন। ফলে গল্প লেখা শুরু হলো এক নায়ককে কেন্দ্র করে।’

এক সিনেমায় একাধিক নায়ক থাকলে দর্শক সিনেমা দেখে আরাম পায় উল্লেখ করে তিনি বলেন, ‘দেখেন না এ ঈদে পরাণ নামে একটা সিনেমা মুক্তি পেল। দর্শক কেন হুমড়ি খেয়ে পড়েছে? কারণ দুই নায়ক থাকলে গল্পে নানা বাঁক তৈরি হয়। দর্শক একঘেয়েমিতে ভোগার সুযোগ পায় না। পরাণ দেখতে গেলে এই রাজের রাফ লুক দেখছে তো ওই ইয়াশের শান্ত লুক দেখছে। সিনেমাটা দর্শককে আটকে রাখে।’ 

মিশা সওদাগর মনে করেন, গল্পের প্রয়োজনে এক নায়ককে দিয়ে সিনেমা বানানো যেতেই পারে। তবে সেটা হতে হবে পরিচালকের ইচ্ছায়। শিল্পীর চাপে এক নায়ক নিয়ে সিনেমা বানালে গল্প তার মান হারায় বলে জানান তিনি।

চিত্রনায়ক সোহেল রানা মনে করেন, সবই বিবর্তনের অংশ। এটা মেনে নিয়েই এগোতে হবে। বণিক বার্তাকে তিনি বলেন, ‘সময় বদলাচ্ছে। সবার আচরণ বদলাচ্ছে। বিবর্তনের ঢেউ চলচ্চিত্রে লাগবে এটাই স্বাভাবিক। এটাকে মেনে নিয়েই শিল্প এগিয়ে যাবে।’ শিল্পীদের সম্মানী বেড়ে যাওয়ার ফলে এক নায়কের সিনেমার প্রভাব বেড়েছে বলে তিনি জানান।

একসময়কার জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী মনে করেন, সিনেমা নিয়ে চলচ্চিত্রের মানুষের পড়াশোনা নেই বলেই এমন হয়েছে। স্টাডি থাকলে একটা সিনেমা কীভাবে চলে, বসে যাওয়া শিল্পকে কীভাবে দাঁড় করাতে হয় তা কেউ না কেউ বের করে ফেলত। ওমর সানী বলেন, ‘রাজ্জাক, ফারুক, সোহেল রানা, জসিম, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, রুবেল সাহেবরা আমাদের শিখিয়েছেন কীভাবে একটা সিনেমাকে দর্শকের কাছে নিতে হয়। একটা সিনেমাকে ব্যবসাসফল করতে কী কী গুণ, কোন কোন আর্টিস্ট দরকার। আমরা নিজেকে সর্বেসেরা ভাবিনি। আমাদের সঙ্গে সমপর্যায়ের সব শিল্পী কাজ করেছেন। আমরা চিন্তা করতাম আরেকজন গুণী শিল্পীর সঙ্গে কাজ করব, এটা আমাদের সৌভাগ্য। তাদের দর্শক আমার সিনেমা দেখবে। আমার দর্শক তার সিনেমা দেখবে। আমাদের সিনিয়ররা এভাবে ভাবতেন। আমাদেরও এভাবেই ভাবাতেন। ফলে এক সিনেমায় একাধিক সুপার স্টার অনায়াসেই কাজ করতেন।’

শিল্পীদের ভেতর আগের সেই সহযোগী মনোভাব নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা শুটিং করেছি, একটা মেকআপ রুম থাকত। শাবানা আপা আমাকে পাশে বসিয়ে রাখতেন। এখন শুটিং হলে মেকআপ রুম লাগে ছয়টা। এক শিল্পী যেখানে মেকআপ নেন অন্য শিল্পী সেখানে যান না। কীভাবে হবে বলেন?’

নায়ক বাপ্পারাজের সঙ্গে জুটি বেঁধে বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক অমিত হাসান। এ জুটির প্রেমের সমাধি, প্রেমের নাম বেদনাসহ বেশকিছু সিনেমা ব্যবসাসফল তকমা পেয়েছে। বণিক বার্তাকে অমিত হাসান বলেন, ‘এখনকার জেনারেশনের নায়ক-নায়িকারা একাধিক নায়ক-নায়িকার ছবি করতে চান না। তারা ভয় পান। সবাই বলেন, একা হলে করব। আর কোনো নায়ক থাকলে তিনি সিনেমা করবেন না। আমি মনে করি এরা বোকা। সিনেমায় একাধিক নায়ক না থাকলে আমি নিজেকে দেখাব কী করে? প্রতিযোগিতাটা হবে কী করে? নায়ক-নায়িকারা পরিচালক-প্রযোজককে বলেন, সিঙ্গেল ট্র্যাকের গল্প লেখেন। না হলে আমি কাজ করব না। এতে গল্প একই ধাঁচের হচ্ছে। একাধিক নায়ক থাকলে লেখকও গল্পটা নিয়ে খেলতে পারেন। নতুন নতুন মোড় তৈরি হয়। পারিবারিক ও বন্ধুত্বের গল্প উঠে আসে।’

এ বিষয়ে চলচ্চিত্র পরিচালক জাহিদ হাসান বলেন, ‘একসময় চলচ্চিত্রের গল্প লেখক, পরিচালক কিংবা প্রযোজকরা ছিলেন শিক্ষিত ও সম্মানিত। তাদের মান্য করত সবাই। ফলে পরিচালক যেখানে গল্প সাজাতেন সেভাবেই গল্প এগোত। শিল্পী পরিচালককে ডমিনেট করতে পারতেন না। এছাড়া ইন্ডাস্ট্রিতে ১০-১২ জন সুপার স্টার থাকতেন। পরিচালকদের বিকল্প চয়েস থাকত। ফলে শিল্পীর মনমতো সিনেমা বানাতে হবে এমন বিষয় ছিল না। তখন সব শিল্পী নিজের চরিত্র ফুটিয়ে তুলতে সচেষ্ট থাকত।’

তরুণ নির্মাতা সৈকত নাসির বলেন, ‘বর্তমানে শিল্পীনির্ভর ইন্ডাস্ট্রি আমাদের। গল্প ভালো হলেও দুই শিল্পী একসঙ্গে কাজ করতে চান না। ফলে গল্প পরিবর্তন করে এক শিল্পীনির্ভর গল্প লিখতে হয়। তবে আশার ব্যাপার হলো ইদানীং ইন্ডাস্ট্রি ডিরেক্টরনির্ভর হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। কারণ এখন মাল্টিকাস্টিং ছাড়া সিনেমা চালানো কঠিন।’ ঠিক এ কারণে বড় পরিসরে সিনেমা বানানো যাচ্ছে। আগামীতে এ পরিস্থিতি পরিবর্তন হবে বলে তিনি মনে করেন।