নারীদের নিয়ে কাজ করা সংগঠন মন জানালা এ আয়োজন করে।
৭ মার্চ রাজধানীর ধানমন্ডির একটি কনভেনশন সেন্টারে সাহস আর সমর্থন নিয়ে সময় এখন এগিয়ে যাওয়ার শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন জানালার প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় উপস্থাপক মৌসুমী মৌয়ের আহ্বানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ডলি জহুর, জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবং চিত্রনায়িকা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী।
মূলত ৪০ বছরের বেশি বয়সী নারীদের নিয়ে কাজ করে এ সংগঠন। গিভ টু গেইন প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের দেড়শর বেশি নারী উদ্যোক্তা, পেশাজীবী, শিক্ষক ও কমিউনিটি নেত্রী অংশ নেন।
অনুষ্ঠানে ডলি জহুর নিজের অভিজ্ঞতার আলোকে জানান, তিনি হতাশায় বিশ্বাস করেন না। তার মতে, প্রত্যেক মানুষ নিজের ভাগ্য নিয়ে পৃথিবীতে আসে এবং কেউ জানে না ভবিষ্যতে তার জন্য কী অপেক্ষা করছে। তাই নিজের জন্য, সন্তানদের জন্য, পরিবার, সমাজ ও দেশের জন্য নারীদের এগিয়ে যেতে হবে।
সাদিয়া ইসলাম মৌ তার কর্মজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে জানান, অনেক সময় নারীকেই নারীর প্রতিযোগী হতে হয়। বিভিন্ন পরিস্থিতিতে তাকে লড়াই করতে হয়েছে। তবে তিনি কখনো কথার জবাব কথায় দেননি, বরং কাজের মাধ্যমে নিজের অবস্থান প্রমাণ করেছেন। তার মতে, অনেক সময় উপেক্ষা করা বড় ধরনের জবাব হয়ে ওঠে।
অনুষ্ঠানে নারী উন্নয়নে অবদানের জন্য পাঁচজন নারীকে সিটি ব্যাংক মন জানালা আলোকিত নারী সম্মাননা ২০২৬ প্রদান করা হয়।










