বলিউডের সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে সানিয়া মালহোত্রা এক আলাদা পরিচিতি তৈরি করেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গি, নারীর ক্ষমতায়ন ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের বার্তা দিয়ে তিনি বারবার আলোচনায় এসেছেন। নারী চরিত্রকে দৃঢ়তার সঙ্গে পর্দায় তুলে ধরার জন্য পরিচিত এ অভিনেত্রী এবার শ্রদ্ধা জানালেন নারী ক্রীড়াবিদদের প্রতি।

মঙ্গলবার উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) ২০২৬-এর এলিমিনেটর ম্যাচে গুজরাট জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার লড়াই চলাকালীন মাঝ ইনিংসে একটি বিশেষ পারফরম্যান্স করেন সানিয়া মালহোত্রা। তার মতে, এটি ছিল নারী ক্রীড়াবিদদের উদ্দেশে তার একটি শ্রদ্ধার্ঘ্য। পারফরম্যান্স শেষে তিনি বলেন, ‘এই প্রথম আমি পারফর্ম করে এত বেশি আনন্দ অনুভব করেছি। দর্শকদের সামনে পারফর্ম করা দারুণ রোমাঞ্চকর ছিল।’

২০১৬ সালে সুপারহিট ছবি দঙ্গল-এ কুস্তিগীর ববিতা ফোগাটের চরিত্রে অভিনয়ের মাধ্যমেই সানিয়ার অভিনয়জীবনের সূচনা। সেই ছবির জন্য নেয়া কঠোর প্রশিক্ষণ তার জীবনে গভীর প্রভাব ফেলে। অভিনেত্রীর ভাষ্য, ‘একটি সিনেমার জন্য আমি এক বছর ধরে একজন অ্যাথলিটের মতো প্রশিক্ষণ নিয়েছি। এতে ফিটনেস ও শৃঙ্খলা নিয়ে আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেছে।’

নারী ক্রীড়াবিদদের নিষ্ঠা ও একাগ্রতাকে ‘সুপারহিরো’দের সঙ্গে তুলনা করে সানিয়া জানান, তাদের রুটিন ও শৃঙ্খলা সত্যিই অনুপ্রেরণাদায়ক। মাঠে কিংবা বিনোদনজগতে নারীদের ক্ষমতার অবস্থানে দেখে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিবাচক উত্তরাধিকার রেখে যেতে চান।

তিনি বলেন, ‘আমি চাই নারীরা নিঃসংকোচে নিজেদের মতো করে থাকুক। যা করতে ইচ্ছে করে, তা করুক। কেউ যেন কখনো না বলতে পারে যে “তোমরা এটা পারবে না”।’

আগামী দিনে সানিয়া মালহোত্রাকে রাজকুমার রাওয়ের বিপরীতে স্লাইস-অব-লাইফ কমেডি টোস্টার-এ দেখা যাবে। অভিনয়ের বাইরেও তার এই আত্মবিশ্বাসী বার্তাই যেন আজকের নারীদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ফুটে উঠেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস