মার্ভেল সুপারহিরো সিনেমার বড় হিটগুলো এসেছে জো ও অ্যান্থনি রুশোর হাত ধরে। শিগগিরই ফের এ স্টুডিওর সিনেমায় পাওয়া যাবে তাদের। তবে শুরুতে মার্ভেলে ফিরে আসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তারা। খবর ভ্যারাইটি।

রুশো ব্রাদার্স পরিচালনা করছেন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘সিক্রেট ওয়ার্স’। রবার্ট ডাউনি জুনিয়রকে সিনেমা দুটিতে নতুন ভূমিকায় দেখা যাবে।

এক আলাপচারিতায় জো রুশো জানান, ডাউনি জুনিয়র মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে (এমসিইউ) ডক্টর ডুম চরিত্রে অভিনয় করছেন। তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত মার্ভেল সিইও কেভিন ফেইগির।

টনি স্টার্ক বা আয়রন ম্যান চরিত্রে এক দশকের বেশি সময় ধরে ফ্র্যাঞ্চাইজির মুখ হিসেবে ছিলেন অস্কার বিজয়ী রবার্ট ডাউনি জুনিয়র। এ বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা সাজিয়েছেন কেভিন ফেইগি।

ফেইগি এ অভিনেতাকে ফিরিয়ে আনার কথা বলেন দুই নির্মাতাকে। এরপর রবার্ট ডাউনি জুনিয়র এসে তাদের চুক্তি সম্পন্ন করতে রাজি করেন। কিন্তু সিনেমা দুটির গল্প না শোনা পর্যন্ত রুশো ব্রাদার্স ‘না’ করার জেদ বজায় রাখেন।

জো রুশো বলেন, ‘তারপর আমরা যেন সিনেমা দুটি পরিচালনা করি সেদিকে অনুপ্রাণিত করতে চেষ্টা করলেন রবার্ট, এবং আমরা বললাম, না। কারণ আমাদের কাছে কোনো গল্প ছিল না। তাই চুক্তিতে প্রবেশেরও কোনো উপায় ছিল না। ’

এরপর রুশো ব্রাদার্সের ঘনিষ্ঠ সহযোগী এবং চিত্রনাট্যকার স্টিফেন ম্যাকফিলি গল্পের প্রাথমিক ধারণা প্রস্তাব করেন। এতে দুই ভাই এমসিইউতে ফিরে আসতে আত্মবিশ্বাসী হন।

স্টিফেন ম্যাকফিলি গল্পের ধারণা ভাগাভাগি করতেই রুশো ব্রাদার্স বলেন, ‘এটা হলো সেই গল্প! একটি শক্তিশালী গল্প!’

জো ও অ্যান্থনি রুশো এর আগে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম, অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার, ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার ও ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার পরিচালনা করেছেন।