আবারো নতুন চমক নিয়ে হাজির হয়েছে জাপানের জনপ্রিয় অ্যানিমে সিরিজ ‘ডেমন স্লেয়ার’। ২০২০ সালে এ সিরিজের প্রথম সিনেমা ‘মুগেন ট্রেইন’ বিশ্বজুড়ে বিশাল সাফল্য অর্জন করেছিল। পাশাপাশি সে সময় জাপানের সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ডও গড়েছিল। এরপর এ সিরিজের আরো দুটি সিনেমা মুক্তি পেয়েছে।
সেই ধারাবাহিকতায় এবার পর্দায় এলো নতুন সিনেমা ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’। সিনেমাটি জাপানে ১৮ জুলাই এবং যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশে ১২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর এটি স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে।
চলচ্চিত্রটি ডেমন স্লেয়ারের ইনফিনিটি ক্যাসল আর্ক-এর উপর ভিত্তি করে নির্মিত, যেখানে ডেমন স্লেয়ার কর্পস মুজানের ভয়ঙ্কর, পদার্থবিদ্যা-অমান্যকারী দুর্গে প্রবেশ করে। এটি সিরিজের অন্যতম রোমাঞ্চকর অংশ, যেখানে তানজিরো এবং তার সঙ্গীরা চূড়ান্ত যুদ্ধে অংশ নেয়।
পরিচালক হারুও সোতোজাকি পরিচালিত এ সিনেমায় জাপানের শীর্ষ কণ্ঠশিল্পী নাতসুকি হানায়ে এবং ইয়োশিৎসুগু মাতসুওকা কাজ করেছেন। ১৮-২১ জুলাই মুক্তির প্রথম চার দিনে জাপানে সিনেমাটি ৭.৩১ বিলিয়ন ইয়েন আয় করে দেশীয় সর্বোচ্চ উদ্বোধনী রেকর্ড স্থাপন করে। মাত্র আট দিনে এটি ১০ বিলিয়ন ইয়েন আয়ের রেকর্ড গড়ে, যা জাপানি সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে এ মাইলফলক স্পর্শের ঘটনা।
গল্পটি শুধু অ্যাকশন নির্ভর নয়, বরং মানবিক আবেগে ভরপুর। তানজিরো ও নেজুকোর ভাই-বোন সম্পর্ক দর্শকদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। প্রতিটি ডেমন চরিত্রের পেছনের গল্প গভীর এবং ট্র্যাজিক, যা দর্শকদের সহানুভূতি সৃষ্টি করছে।









