ধর্ষণের অভিযোগে অস্কারজয়ী কানাডীয় চিত্রনাট্যকার পল হ্যাগিসকে এক কোটি ডলার জরিমানা করা হয়েছে। ভুক্তভোগী নারীকে এ অর্থ পরিশোধ করবেন তিনি। খবর এপি।

হ্যাগিসের বিরুদ্ধে অভিযোগ, ২০১৩ সালে ওই নারীকে একটি পার্টি শেষে বাসায় পৌঁছে দেয়ার প্রস্তাব দেন। এরপর নিউইয়র্কে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করেন।

অভিযোগ প্রমাণিত হওয়ায় হ্যাগিসকে ক্ষতিপূরণসহ মোট এক কোটি ডলার জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলাটি প্রকাশ্যে আসার পর বিভিন্ন সময় হ্যাগিসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন আরো তিন নারী। অবশ্য শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন চিত্রনাট্যকার।

ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, কয়েক বছর আগে যখন বিশ্বজুড়ে ‘মি টু’ আন্দোলন দানা বাঁধে, ওই সময় হ্যাগিস নারীদের পক্ষে সরব ছিলেন। ২০১৭ সালে তেমন প্রেক্ষিতে ওই নারী হ্যাগিসের ‘‌মুখোশ খুলে’ দেয়ার উদ্দেশ্যে মামলাটি করেন।

ভুক্তভোগী তখন বলেছিলেন, হ্যাগিসের মতো একজন ভণ্ড নারী অধিকার নিয়ে কথা বলবে, তা আমি সহ্য করতে পারছি না। 

‘মিলিয়ন ডলার বেবি’ ও ‘ক্র্যাশ’ ছবির চিত্রনাট্য লেখার জন্য বিশেষভাবে পরিচিত হ্যাগিস। এর মধ্যে প্রথম সিনেমাটির জন্য অস্কার পুরস্কার পান তিনি।