এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী আইশা খান। অভিনয়ের পাশাপাশি একজন উপস্থাপিকাও তিনি। অল্প সময়েই অভিনয় ও উপস্থাপনায় নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। তবে প্রায় পাঁচ মাস ধরে নতুন কোনো নাটকে অভিনয় করতে পারেননি তিনি। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনার কাজেই তাকে ভীষণ ব্যস্ত থাকতে হয়েছে। অনুষ্ঠানটি প্রচার হয়েছে মাছরাঙা টেলিভিশনে। সম্প্রতি ম্যাজিক বাউলিয়ানার গ্র্যান্ড ফিনালে শেষ হয়েছে।

শোটি শেষ হতেই আবারো অভিনয়ে ফিরেছেন আইশা খান। তিনি জানিয়েছেন, ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকলেও এর আগে করা দুটি নাটক এরই মধ্যে প্রচার হয়েছে। এছাড়া প্রচারের অপেক্ষায় রয়েছে নতুন তিনটি নাটক।

নাটকগুলো হলো সাইদুর ইমনের ‘সে কি আসবে না’, রাফাত মজমুদার রিংকুর ‘আমি একজন খুনি বলছি’ এবং মোহন আহমেদের ‘হৃদয়ে তুমি’। আমি একজন খুনি বলছি নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন জোভান। বাকি দুটি নাটকে তার সহশিল্পী ইয়াশ রোহান।

যেহেতু নাটকগুলো ভালোবাসা দিবসে প্রচার হয়নি, তাই আইশা খান আশা করছেন আগামী ঈদে প্রচারে আসবে। তিনি জানিয়েছেন, সামনে ঈদ উপলক্ষে দর্শক একসঙ্গে একাধিক নাটকে তাকে দেখতে পাবে।

এছাড়া আগামী ঈদের জন্য এরই মধ্যে আরো দুটি নতুন নাটকে কাজ শেষ করেছেন তিনি। নাটক দুটি হলো মিফতাহ আনানের ‘বাবুই পাখির বাসা’ এবং সাগর জাহানের ‘সদা সত্য বলিব’। এ দুই নাটকের গল্প নিয়েও তিনি আশাবাদী। বিশেষ করে সাগর জাহানের নির্দেশনায় এর আগেও কাজ করার অভিজ্ঞতা ভালো ছিল বলে জানিয়েছেন তিনি।

আইশা খান বলেন, ‘‌গত প্রায় পাঁচ মাস ম্যাজিক বাউলিয়ানা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে নতুন নাটকে সময় দেয়া সম্ভব হয়নি। তবে আগে করা কাজগুলো এখন একে একে প্রচারে আসছে। প্রচারের অপেক্ষায় থাকা প্রতিটি নাটক নিয়ে আমি আশাবাদী।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে ধীরে ধীরে নিজেকে অভিনয়ে ব্যস্ত করে তুলেছেন আইশা খান। ধারাবাহিকভাবে বিভিন্ন নাটকে কাজ করে এখন তিনি পুরোদস্তুর একজন দর্শকপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত।