কিংবদন্তি গীতিকার, সুরকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার ৭৯ বছর বয়সে ৪ সেপ্টেম্বর পরপারে পাড়ি দিয়েছেন। বহু কালজয়ী গানের স্রষ্টা তিনি। তার হঠাৎ প্রয়াণে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। আজ বেলা ৩টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে এক স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। অনুষ্ঠানে শেখ সাদী খান, খুরশীদ আলম, সাবিনা ইয়াসমিন, আবিদা সুলতানা, রফিকুল আলম, অঞ্জনা, কনকচাঁপা, রুমানা ইসলাম, আগুন, ওমর সানী, রবি চৌধুরী, মনির খানসহ অনেক শিল্পীই উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জোহরা গাজী, দুই সন্তান উপল ও দিঠিসহ আরো অনেকে। গাজী মাজহারুল আনোয়ারের লেখা বই ‘অল্প কথার গল্প গান’-এর প্রকাশক খন্দকার মনিরুল ইসলাম। তিনি জানান, ‘সেপ্টেম্বরের মাঝামাঝি কলকাতায় শুরু হতে যাওয়া বাংলাদেশ বইমেলায় বইটির দ্বিতীয় খণ্ড প্রকাশ পাচ্ছে।’ গত বছর গাজীর জন্মদিনে প্রকাশ হয়েছিল বইটির প্রথম খণ্ড। বইয়ে ছিল তার লেখা জনপ্রিয় ২৫০টি গানের কথা ও ৫০টি গান তৈরির গল্প। গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপল বলেন, ‘কলকাতায় বইটি প্রকাশের বিষয়ে বাবা থাকতেই সব আলোচনা হয়েছে। কলকাতায় তার অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষী আছে। তিনি চেয়েছিলন কলকাতায় গিয়ে আয়োজন করে বইটির মোড়ক উন্মোচন করতে। কিন্তু তা আর হলো না। অনেক আগেই বাবা কাজটি ধরেছিলেন। মারা যাওয়ার আগে বইটির কাজ শেষ করতে পেরেছেন তিনি। কলকাতায় বইমেলা শুরু হওয়ার তিন-চারদিন পরই বাবার লেখা বইটি আসবে ভাষাচিত্রের ব্যানারে।’

স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান নিয়ে উপল বলেন, ‘বাংলাদেশের মানুষ আব্বুকে এত ভালোবাসত তার প্রমাণ কয়েক দিনে নানাভাবে পেয়েছি। বাংলাদেশের সব সরকারের প্রতিই আমাদের পরিবার কৃতজ্ঞ। কারণ প্রত্যেক সরকারই আব্বুকে যথাযথ সম্মান দিয়েছে। আজকের অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি।’ দিঠি আনোয়ার বলেন, ‘দেশের মানুষের প্রতি আমরা কৃতজ্ঞ। এ দেশের মানুষ আব্বুকে সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান দিয়েছে। শিল্পী পরিবারের কাছেও আমরা কৃতজ্ঞ। সবাই আব্বুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তিনাকে বেহেশত নসিব করেন। আজকের স্মরণসভায় এসে আব্বুকে নিয়ে স্মৃতিচারণ করার জন্য শিল্পীদের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল।’

কুমিল্লায় জন্মগ্রহণ করেছিলেন গাজী মাজহারুল আনোয়ার। স্কুলজীবনেই তিনি দেয়াল পত্রিকায় কবিতা লিখতেন। জীবদ্দশায় বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাত্কারে গাজী মাজহারুল আনোয়ার গানের রচয়িতা হয়ে ওঠার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘ইন্টারমিডিয়েট পাস করার পর যখন মেডিকেল কলেজে এসে ভর্তি হলাম, সেখানে একটা নাটক হওয়ার কথা। সেখানে একটা গানের প্রয়োজন হয়েছিল। গানটা সে সময়কার প্রখ্যাত আবু হেনা মোস্তফা কামাল সাহেবের লেখার কথা ছিল। কিন্তু তিনি সময় স্বল্পতার কারণে গানটা লিখতে পারেননি। আমি নাটকের পরিচালককে বললাম আপনি ইচ্ছা করলে আমাকে একটু ট্রাই করে দেখতে পারেন। তারপর আমি একটি গান লিখে ফেললাম।’ তিনি আরো বলেছিলেন, ‘ফরিদা ইয়াসমিন একদিন আমাকে বলেছিলেন আমি গানটি রেডিওতে গাইতে চাই। আমি বেশ উৎসাহিত হলাম। আমার মাথার মধ্যে তখন একটা পোকা ঢুকে গেল যে গান তো আমি লিখতে পারি। মানুষ সৌভাগ্যের পেছনে ঘোরে। কিন্তু সৌভাগ্য যেকোনোভাবে আসতে পারে। সুতরাং একেই জড়িয়ে থাকলাম আমি।’

তার লেখা গান গেয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন শিল্পী সংগীতের ক্যারিয়ারে সফলতা পেয়েছেন।

গাজী মাজহারুল আনোয়ার ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদকসহ আরো বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০০৬ সালে বিবিসি বাংলার শ্রোতাদের মনোনীত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় ছিল তার রচিত ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ও ‘একতারা তুই দেশের কথা বল’ তিনটি গান।