একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ মার গেছেন। গতকাল বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। বেলা আনুমানিক সাড়ে ৩টায় পৃথিবী ত্যাগ করেন এ অভিনেতা। তিনি ক্যানসার, হৃদরোগ ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মাসুম আজিজ। সম্প্রতি তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠনের দাবি করছিলেন শিল্পীরা। কিন্তু সে সময় দিলেন না তিনি। এ বছরের শুরুতেই তার ক্যানসার ধরা পড়ে। প্রথম কেমোথেরাপি পার করে গেলেও দ্বিতীয় কেমো থেকে জটিলতার শুরু হয়। শেষে গত ২৪ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়েন তিনি। তার পুত্র উৎস জামানের বরাতে জানা যায় অবস্থার উন্নতি হলে মাসুম আজিজকে বাড়িতে নেয়া হয়। এরপর আবার তার অবস্থার অবনতি হলে তাকে ৮ অক্টোবর পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে ছিলেন তিনি।
টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য বিখ্যাত বা পরিচিত হলেও মাসুম আজিজ একজন চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তখন থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত। টিভি নাটকে তাকে প্রথম দেখা যায় ১৯৮৫ সালে। নাটকেই তার জনপ্রিয়তা বেশি, বিশেষত হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’ নাটকে তার মজিদ মিয়া চরিত্রটি দর্শকের মনে থাকবে অনেকদিন। এছাড়া সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’ও দর্শকমহলে জনপ্রিয়। অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। কোনো কোনো হিসাবে তার অভিনীত নাটকের সংখ্যা চার শতাধিক। পাশাপাশি মঞ্চেও নিয়মিত ছিলেন মাসুম আজিজ।
নাটকের পাশাপাশি সিনেমায়ও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। অভিনয় করেছেন ঘানি, গহীনে শব্দ, গেরিলার মতো জনপ্রিয় ও সমালোচক প্রশংসিত সিনেমায়। এর মধ্যে ২০০৬ সালে কাজী মোরশেদের পরিচালনায় ঘানিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মাসুম আজিজ। এ বছরই লাভ করেছিলেন একুশে পদক।










