চলতি বছর ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে মোট ১৩ কোটি ৩১ লাখ টাকা অনুদানের ঘোষণা দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অনুদান পাওয়া প্রযোজক ও পরিচালকদের তালিকায় আছেন শাকিব খান, অপু বিশ্বাস, ছটকু আহমেদের মতো বাণিজ্য ধারার চলচ্চিত্রকর্মীরা। অনুদান ঘোষণার বিষয়টি স্বাধীন ধারার চলচ্চিত্রকর্মীদের চোখে অসংগতি হিসেবে ধরা দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে চলচ্চিত্রসংশ্লিষ্ট ৩৪টি সংগঠন একত্র হয়েছে। অনুদান প্রক্রিয়ায় অসংগতির প্রতিবাদে গত সোমবার শাহবাগ প্রজন্ম চত্বরে এক সমাবেশের ডাক দেয় সংগঠনগুলো। তরুণ চলচ্চিত্রকর্মী ও নির্মাতাদের এ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মানজারে হাসিন মুরাদ, জাহিদুর রহিম অঞ্জন। এছাড়া নির্মাতা তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলাম, ফরিদুর রহমান, সাইয়ীদ, কাওসার চৌধুরী, এন রাশেদ চৌধুরী, হুমায়েরা বিলকিসসহ অনেকে সমাবেশে সংহতি জানিয়েছেন। সমাবেশে চলচ্চিত্র অনুদানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ১০ দফা প্রস্তাব উত্থাপন করেন নির্মাতারা।

এ নিয়ে কথা হয় গোরিলাখ্যাত পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সঙ্গে। বণিক বার্তাকে তিনি বলেন, ‘বাণিজ্যিক ধারার ছবিকে অনুদান দেয়া হচ্ছে। এটা আমরা চাই না, বরং বাণিজ্যিক ছবিকে ব্যাংকঋণ দেয়া যেতে পারে বা এফডিসি থেকে একটা লোনের ব্যবস্থা করা যেতে পারে। অনুদান দেয়া হয় সৃষ্টিশীলতার জন্য; বাণিজ্যের জন্য নয়। কেউ সিনেমায় পুঁজি খাটিয়ে মুনাফা করবে, সেটা সে করতেই পারে। তাদের আমরা সাধুবাদ জানাই। বাংলা সিনেমার প্রসারে তাদের বড় একটা অবদান আছে। কিন্তু পৃথিবীতে অনুদান দেয়া হয় সৃজনশীলতার জন্য। ক্রিয়েটিভ কাজের জন্য; মুনাফার জন্য নয়। সুতরাং এ জায়গাটিই সরকারকে পুনর্বিবেচনা করতে হবে।’

এ আন্দোলনের অন্যতম সংগঠক, চলচ্চিত্র নির্মাতা স্বজন মাঝি বণিক বার্তাকে বলেন, ‘বাংলা চলচ্চিত্রের মানোন্নয়নের আমাদের ১০ দফা দাবি অত্যন্ত যৌক্তিক। পঞ্চম দাবিটার কথাই ধরেন—বিদ্যমান নিয়মে একটা সিনেমার প্রথম কিস্তিতে যে টাকা দেয়া হয়, তা দিয়ে প্রি-প্রডাকশনের খরচই ওঠে না। নির্মাতা সিনেমা নির্মাণ শুরু করবেন কীভাবে। এজন্য আমরা দাবি করছি, প্রডাকশন খরচের সম্পূর্ণ অর্থ বা অনুদানের ৬০ শতাংশ প্রথম কিস্তিতে দেয়ার নিয়ম চালু করতে হবে। এছাড়া খুব অল্প সময় বেঁধে দেয়া হয়। সময়সীমা বাড়াতে হবে। মেন্টর পদ্ধতিও বিলোপ করতে হবে।’

চলচ্চিত্র নির্মাতাদের দাবি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভাবনা জানতে যোগাযোগ করা হয়েছে সচিবের সঙ্গে। বণিক বার্তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন পিএএ বলেন, ‘সামাজিক সংস্কৃতিক সংগঠনগুলোর দাবি-দাওয়া থাকতেই পারে। আমি তাদের দাবির কথা শুনেছি, জেনেছি। তারা অফিশিয়ালি আমাদের কাছে আসেনি। এলে তারপর দেখব।’ অফিশিয়ালি মন্ত্রণালয়ে গেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

চলচ্চিত্রসংশ্লিষ্ট ৩৪ সংগঠনের পরবর্তী পদক্ষেপ জানতে চাইলে সংগঠক স্বজন মাঝি বলেন, ‘আমরা আগামীকাল দাবি-দাওয়া মন্ত্রণালয়ে জমা দেব। আজ আমাদের মিটিং আছে। আমরা চলচ্চিত্রকর্মীদের নিয়ে জাতীয় সম্মেলন করার কথা ভাবছি। সম্মেলন থেকে এক মাসের আলটিমেটাম দেয়া হবে। এক মাসের মধ্যে সমাধান না হলে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাব।’

অনুদানবিষয়ক বিতর্ক নিয়ে কথা বলতে এ বছর অনুদান পাওয়া একাধিক প্রযোজক, পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা মন্তব্য করতে রাজি হননি।

সোমবার বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামসহ ৩৩টি চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনের সম্মিলিত সমাবেশ শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বছরের পর বছর ধরে নানা অনিময়ই যেন চলচ্চিত্র অনুদানের নিয়মে পরিণত হয়েছে। অনুদান প্রদানের নীতিমালাকে অবজ্ঞা করে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক তদবির ও অন্যান্য অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মহৎ এ উদ্যোগটিকে ধ্বংস করা হচ্ছে। চলচ্চিত্রকর্মী সমাবেশে সরকারের প্রতি বিভিন্ন দাবি তুলে বলা হয়, অনুদান প্রদানের সরকারি নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ আছে, অনুদান প্রদানের ক্ষেত্রে বাংলাদেশের আবহমান সংস্কৃতিকে সমুন্নত রাখবে এবং একই সঙ্গে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা এবং মানবিক মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ গল্পের চলচ্চিত্রকে প্রাধান্য দেয়া হবে। কিন্তু তিন বছর ধরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে কোনো প্রামাণ্যচিত্র অনুদান পাওয়ার ক্ষেত্রে বিবেচিত হয়নি, যাতে স্বাভাবিকভাবেই অনুদানের লক্ষ্য, উদ্দেশ্য ও স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়।

অনুদানের মান নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, বাণিজ্যিক ধারার প্রযোজক-পরিচালক যখন বেশির ভাগ সংখ্যায় অনুদানের জন্য নির্বাচিত হন তখন অনুদানের মান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আশঙ্কাজনকভাবে এ বছর থেকে স্বল্পদৈর্ঘ্যে অনুদানের সংখ্যাও উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে দেয়ায় তরুণ চলচ্চিত্রকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে। এমন পরিচালকও অনুদান পাচ্ছেন যাদের চলচ্চিত্র নির্মাণের কোনো অভিজ্ঞতাই নেই। যারা আগে অনুদান নিয়ে নির্মাণ সম্পন্ন করতে পারেননি তাদেরও পুনরায় অনুদান দেয়া হয়েছে।