নাট্যদল ‘বাতিঘর’-এর ১৫তম প্রযোজনা ‘মাংকি ট্রায়াল’। দর্শকপ্রিয় এ মঞ্চ নাটকের নয়টি প্রদর্শনী হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে মাংকি ট্রায়ালের ১০ম প্রদর্শনী মঞ্চস্থ হতে যাচ্ছে। জেরম লরেন্স ও রবার্ট এডউইন লির ‘ইনহেরিট দ্য উইন্ড’-এর গল্প অবলম্বনে নাটকটির নির্দেশনা ও মঞ্চরূপ দিয়েছেন মুক্তনীল। 

গল্পে দেখা যায়, আমেরিকার একটি রাজ্য হিলসবোরো শহরের একটি পাবলিক স্কুলের বিজ্ঞান শিক্ষক বার্ট্রাম কেইটস। যিনি তৎকালীন বাটলার আইন উপেক্ষা করে ছাত্রদের সৃষ্টিবাদ ও বিবর্তনবাদ সম্পর্কিত ডারউইনের থিওরি শেখানোর জন্য দোষী সাব্যস্ত হন। এতে তৎকালীন প্রতিক্রিয়াশীল ও ধর্মান্ধ মৌলবাদীরা ক্রোধে ফেটে পড়ে। রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করার দায়ে জেলখানায় বন্দি করা হয় একজন বিজ্ঞান শিক্ষককে। বাটলার আইন এমন এক রাষ্ট্রীয় আইন, যা পাবলিক স্কুলের শিক্ষকদের স্কুলের ক্লাসে সৃষ্টিবাদের পরিবর্তে বিবর্তনবাদ শেখানো নিষিদ্ধ করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ম্যাথিউ হ্যারিসন ব্রাডি এবং আসামীপক্ষের আইনজীবী হিসেবে হেনরি ড্রামন্ড আসেন মামলাটি লড়তে। বিবিধ ঘটনার উত্থান-পতনের মধ্য দিয়ে এটি এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছায়, যা আদতে আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সুচনা করে। বিচার প্রক্রিয়াটি বিবর্তনের সত্যতা নিয়ে একটি জাতীয় বিতর্কের সৃষ্টি করে, বৈজ্ঞানিক প্রমাণকে জনসাধারণের সামনে আনতে সাহায্য করেছিল। মামলাটি মিডিয়ায় তীব্রভাবে আলোচিত হয় এবং পুরো বিশ্বের নজর কাড়ে।

নাটকটিতে অভিনয় করেছেন সঞ্জয় সরকার মুক্তনীল, খালিদ হাসান রুমি, সঞ্জয় গোস্বামী, সাদ্দাম রহমান, মৃধা অয়োমী, তারানা তাবাসসুম চেরী, স্বরণ বিশ্বাস, সঞ্জয় হালদার, রাজা আকন, জর্জ দীপ্ত, রুম্মান শারু, শৈবাল, নাদিয়া জান্নাত, তাস্বিন, জুবিসহ বাতিঘরের নাট্যকর্মীরা।

২০২১ সালের ৩১ ডিসেম্বর মাংকি ট্রায়ালের উদ্বোধনী প্রদর্শনীর পর ঢাকার মঞ্চে ব্যাপক আলোচনায় এসেছে এ নাটক। এটি মূলত ১৯২৫ সালের আমেরিকার বহুল আলোচিত ‘‌স্কোপস মাংকি ট্রায়াল’ ঘটনা অবলম্বনে নির্মিত।