কানাডিয়ান গীতিকার ও কবি লিওনার্ড কোহেন। তার ম্যানেজারের বিরুদ্ধে উঠেছিল আর্থিক অনিয়মের অভিযোগ। মামলা হয়েছিল প্রোবেট আদালতে। ১০ দিনের বিচার শেষে আর্থিক অনিয়মের অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। লিওনার্ড কোহেন ২০১৬ সালে ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। পরে তার সন্তান অ্যাডাম কোহেন ও লোরকা কোহেন, লিওনার্ড কোহেনের ম্যানেজার রবার্ট কোরির বিরুদ্ধে এস্টেটের ট্রাস্টি হিসেবে অসদাচরণের অভিযোগ তোলেন। তবে সেই মামলা থেকে মুক্তি পেলেন কোরি। আদালত বলেন যে, কোরি সম্পূর্ণ দক্ষতার সঙ্গে কোহেনের ইচ্ছা অনুযায়ী এস্টেট পরিচালনা করেছেন।

আদালত থেকে বলা হয়েছে, ‘ট্রাস্টের পক্ষ থেকে নির্ধারিত সময়ে রবার্ট যে সব খরচ করেছেন, তা সঠিক পরিমাণে এবং যথাযথ উদ্দেশ্যে করা হয়েছে। বিচারক মনে করেন, রবার্টের প্রতিটি চ্যালেঞ্জ করা পদক্ষেপ সবসময়ই যুক্তিসঙ্গত, নৈতিক এবং অ্যাডাম ও লোরকার পূর্ণ জ্ঞান ও অনুমোদন নিয়ে করা হয়েছে।’

অ্যাডাম কোহেন অভিযোগ করেছিলেন যে কোরি ‘স্বার্থসংশ্লিষ্ট লেনদেন’ করেছেন এবং বিভিন্ন সেবার জন্য এস্টেট থেকে অতিরিক্ত অর্থ নিয়েছেন। তিনি এবং পরবর্তী ট্রাস্টি মাইকেল সেলবার্ট কোরির দায়িত্বকালীন বিভিন্ন খরচ নিয়ে আপত্তি তোলেন। এর মধ্যে ছিল ৪৬৩ ডলারের উবার খরচ, ৬৮৮ ডলারের এটি অ্যান্ড টি ফোন বিল, ৫ হাজার ৬২৮ ডলারের অ্যাপল পণ্যের খরচ এবং ২ হাজার ডলারের কানাডিয়ান ইমিগ্রেশন ও ভিসা সংক্রান্ত ব্যয়।

রেফারি এ সব অভিযোগই খারিজ করে দেন। এছাড়াও অ্যাডাম কোহেনকে তার বাবার সংগীত ক্যাটালগ বিক্রির প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য দোষারোপ করা হয়।

সূত্র: ভ্যারাইটি