সিনেমা, স্টেজ পারফরম্যান্স ছাড়াও বিয়ের অনুষ্ঠানে নাচেন শাহরুখ খান। বিষয়টি নিয়ে আদিকাল থেকেই সমালোচিত হয়েছেন তিনি। সম্প্রতি দিল্লির একটি অভিজাত বিয়েতে পারফরম্যান্স আবারো অনলাইনে সমালোচনার জন্ম দিয়েছে।

শাহরুখের কিছু ভক্ত এক্সে তার সমর্থনে নানা যুক্তি তুলে ধরছেন। সেখানেই ২০০০ সালে শাহরুখের দেয়া একটি সাক্ষাৎকারের ক্লিপ শেয়ার হয়েছে। বিয়ের অনুষ্ঠানে নাচা নিয়ে শাহরুখের উত্তর ছিল, ‘আমার উত্তর সবসময়ই শিশুর মতো সরল, ‘‘কেন নয়?’’ এতে সমস্যাইবা কোথায়?’

এ সাক্ষাৎকারেই একটি অভিজ্ঞতা জানান শাহরুখ। তিনি বলেন, ‘আমি দিল্লিতে এক তরুণীর বিয়েতে গিয়েছিলাম। সে বলেছিল, ‘‘আমার মা চান আপনি এ আয়োজনে পারফর্ম করুন।’’ দুর্ভাগ্যবশত তার মা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আমি রাত ২টায় হাসপাতালে গেলাম, সঙ্গে একটি টু-ইন-ওয়ান নিয়ে গেলাম। গান চালালাম আর তার জন্য বিশেষভাবে নাচলাম।’

এর সঙ্গে অর্থের যোগ অবশ্যই আছে। তবে শাহরুখ মনে করেন, মানুষকে তিনি যে আনন্দ দিতে পারেন সেটাই বড়। শাহরুখ বলেন, ‘আমি জানি না, তাদের কাছ থেকে যে টাকা নিয়েছি, তা যথাযথ ছিল কিনা। দুর্ভাগ্যবশত কিছুদিন পর তিনি মারা যান। কিন্তু হয়তো তাকে কোথাও না কোথাও সেটা খুশি দিয়েছিল।’

ভার সাঙ্গভির শো স্টার টকে অভিনেতা বলেন, ‘আমি একজন বিনোদনদাতা, যার কাজ মানুষকে খুশি করা। এর কি কোনো দাম নির্ধারণ করা যায়? দুঃখিত, অনেক অভিনেতা হয়তো একমত হবেন না, কিন্তু আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই, আমি এমন কী বিশেষ ব্যক্তি যে বিয়েতে নাচতে পারব না?’

যখন সাঙ্গভি যুক্তি দেন যে উচ্চ পর্যায়ের বিয়েতে নাচা মানে শাহরুখ কেবল ধনী-দরিদ্র বৈষম্যে ধনীদের পাশে দাঁড়াচ্ছেন। এর বিপরীতে শাহরুখ বলেন, ‘নিশ্চয়ই কোনো গরিব লোক আমাকে তার বিয়েতে নাচতে বললে আমি চলে যাব।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস