প্রকাশ হলো ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র তৃতীয় টিজার। এটি এতদিন ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর প্রদর্শনীর আগে প্রেক্ষাগৃহে চলছিল। টিজারটি এবার অনলাইনে প্রকাশ হয়েছে। এ টিজারেই ‘এক্স-মেন’ চরিত্রগুলোর প্রত্যাবর্তন নিশ্চিত হয়েছে। থাকছেন প্রফেসর চার্লস জেভিয়ার (প্যাট্রিক স্টুয়ার্ট), ম্যাগনিটো (ইয়ান ম্যাককেলেন) ও সাইক্লপস (জেমস মার্সডেন)।
২০০০-এর দশকের শুরুতে ফক্সের ‘এক্স-মেন’ ট্রিলজির মাধ্যমে সুপারহিরো হিসেবে বিপুল জনপ্রিয়তা পায় এ ত্রয়ী। একই সময়ে হিউ জ্যাকম্যানের উলভারিনও খ্যাতি অর্জন করে। পরবর্তী সময়ে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এর মাধ্যমে এমসিইউতে প্রবেশ করে হিউ ও উলভারিন। প্যাট্রিক স্টুয়ার্ট এর আগে ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’-এ সংক্ষিপ্তভাবে ফিরে এসেছিলেন। অবশ্য সেখানে তিনি ভিন্ন এক ইউনিভার্সের জেভিয়ার চরিত্রে অভিনয় করেন এবং স্কারলেট উইচের হাতে দ্রুত নিহত হন।
এদিকে এক্স-মেনের এ ত্রয়ী ‘এক্স-মেন: ডেজ অব ফিউচার পাস্ট’–এও ক্যামিও করেছিলেন। তবে আসন্ন শীতের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে প্রথমবারের মতো অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর ও আরো বহু নায়কের সঙ্গে সরাসরি ক্রসওভারে নিয়ে আসছে।
টিজারটি শুরু হয় জেভিয়ারের পরিত্যক্ত ‘স্কুল ফর গিফটেড ইয়াংস্টারস’ দেখিয়ে। এটি একসময় এক্স-মেনদের ঘর ছিল। সেখানে ম্যাগনিটো গম্ভীর কণ্ঠে বলেন, ‘মৃত্যু আমাদের সবার জন্যই আসে। এটুকুই আমি নিশ্চিতভাবে জানি। প্রশ্ন এটা নয়, তুমি মরতে প্রস্তুত কিনা? প্রশ্ন হলো চোখ বন্ধ করার মুহূর্তে তুমি কে হয়ে থাকতে চাও?’
এরপর জেভিয়ারের হুইলচেয়ার ও বাতাসে ভাসমান একটি দাবার ঘুঁটির দৃশ্য দেখা যায়। এটি ‘এক্স-মেন: দ্য লাস্ট স্ট্যান্ড’-এর শেষ দৃশ্যের স্মৃতি জাগায়, যেখানে দাবা খেলতে খেলতে ম্যাগনিটো তার তড়িৎ চুম্বকীয় শক্তি ফিরে পাওয়ার চেষ্টা করছিল। এরপর বহুদিনের এ দুই বন্ধু-শত্রুর পুনর্মিলন ঘটে। এলোমেলো চুলের ম্যাগনিট জেভিয়ারকে জড়িয়ে ধরেন।
কিন্তু ঠিক তখনই টিজারটি নাটকীয় মোড় নেয়। এক হতবিহ্বল সাইক্লপসকে দেখা যায় তার ভিজর থেকে বিশাল লাল শক্তির রশ্মি ছুড়ে দিতে। এটি তার আগের ‘এক্স-মেন’ সিনেমাগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী উপস্থাপন, যা ইঙ্গিত দেয় যে ‘ডুমসডে’ অভিযানে তিনি দলের আরো কেন্দ্রীয় ভূমিকায় থাকবেন। দূরে একটি বিশাল পায়ের ছায়াও দেখা যায়, যা সম্ভবত একটি সেন্টিনেল—মিউট্যান্ট শিকারি সেই বিশাল রোবট, যা এক্স-মেনের সবচেয়ে আইকনিক শত্রুদের অন্যতম।
‘ডুমসডে’তে স্টুয়ার্ট, ম্যাককেলেন ও মার্সডেনের সঙ্গে আরো থাকবেন কেলসি গ্রামারের বিস্ট, অ্যালান কামিংয়ের নাইটক্রলার, চ্যানিং টাটামের গ্যাম্বিট এবং রেবেকা রোমিজনের মিস্টিক। তারা মুখোমুখি হবেন অ্যাভেঞ্জার্স; চরিত্রদের সঙ্গেও। থাকছেন ক্রিস হেমসওয়ার্থ, ক্রিস ইভান্স, অ্যান্থনি ম্যাকি, ড্যানি রামিরেজ, সেবাস্টিয়ান স্ট্যান, পল রাড, টম হিডলস্টন, লেটিশিয়া রাইট, উইনস্টন ডিউক ও সিমু লিউ।
সূত্র: ভ্যারাইটি










