বিজয় দেবেরকোন্ডা অভিনীত ‘কিংডম’। পরিচালক গৌতম তিন্নানুরী। সিনেমাটির সিকুয়াল বাতিল হলো। এর প্রযোজক নাগা ভামসি সম্প্রতি এক সাক্ষাৎকারে এ খবর নিশ্চিত করেছেন। তবে তিনি সিনেমার বক্স অফিসে গড়পড়তা পারফরম্যান্সের কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করতে অস্বীকার করেন।
কিংডমের সিকুয়াল নিয়ে প্রশ্ন করা হলে নাগা ভামসি স্পষ্টভাবে বলেন, ‘না, আমরা আর এটি বানাচ্ছি না।’ সিকুয়ালের দিকে এগোনোর বদলে সিনেমাটি একক গল্প হিসেবেই ভালো কাজ করত কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘কী হয়েছে, তা নিয়ে কথা বলার কোনো মানে নেই। কারণ তাতে শুধু গৌতমই কষ্ট পাবে। এখন আর কিছু করার নেই।’
তবে ভবিষ্যতে পরিচালক গৌতম তিন্নানুরীর সঙ্গে আবার কাজ করবেন কিনা এ প্রশ্নে ভামসি ইতিবাচক উত্তর দেন। তিনি জানান, শিগগিরই পরিচালকের সঙ্গে নতুন একটি প্রজেক্টে কাজ করবেন। গৌতম বর্তমানে ‘একেবারে ভিন্ন ধরনের একটি সিনেমা’ নিয়ে কাজ করছেন।
২০২৫ সালের জুলাইয়ে কিংডম মুক্তি পায় এমন এক সময়, যখন বিজয় দেবেরকোন্ডার ক্যারিয়ারের জন্য একটি বড় হিট অত্যন্ত জরুরি ছিল। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাইগার’-এর পর তার ক্যারিয়ার কিছুটা নিম্নমুখী ছিল। সিনেমাটি মুক্তির আগে যথেষ্ট হাইপ তৈরি করলেও এবং মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেলেও কিংডম বিশ্বজুড়ে মাত্র ৮২ কোটি টাকা আয় করে। এ সিনেমায় বিজয় ছাড়াও অভিনয় করেছিলেন সত্যদেব, ভেঙ্কটেশ ও ভাগ্যশ্রী বোরসে।
বিজয় দেবেরকোন্ডাকে শেষবার দেখা গিয়েছিল ২০২৪ সালের সিনেমা ‘দ্য ফ্যামিলি স্টার’-এ এবং ‘কল্কি ২৮৯৮ এডি’-তে একটি ক্যামিও চরিত্রে। এর পরই তিনি অভিনয় করেন কিংডমে। শিগগিরই তিনি রবি কিরণ কোলা পরিচালিত ‘রাউডি জনার্ধন’ সিনেমায় অভিনয় করতে চলেছেন। এতে তাকে দেখা যাবে এক রাউডির ভূমিকায়। এর প্রথম ঝলকে তাকে লুঙ্গি পরা রক্তাক্ত অবস্থায় দেখা গেছে, যা এরই মধ্যে দর্শকের কৌতূহল বাড়িয়েছে।
সূত্র ও ছবি: হিন্দুস্তান টাইমস










