ছোট পর্দায় নিয়মিত অভিনয় করতেন তিনু করিম। টিভি নাটক ও বিজ্ঞাপনের ছিলেন পরিচিত মুখ। দীর্ঘ অসুস্থতার পর আজ দুপুর ১২টার দিকে বরিশালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ অভিনেতা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গত বছর নভেম্বরে গ্রামের বাড়িতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনু। তার শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। ২৪ নভেম্বর ঢাকায় আনা হয়। এরপর ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
অবস্থার উন্নতি হলে তিনু করিমকে কেবিনে নেয়া হয়। কিন্তু এরপর রক্তচাপ ও সুগার লেভেল কমে জ্ঞান হারান অভিনেতা। এরপর প্রথমে আইসিইউ, পরে ৩ ডিসেম্বর বিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে।
দুই যুগ ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকে অভিনয় করেন। এই নাটক দিয়েই তার অভিষেক। আর ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান। এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন এই অভিনেতা।










