বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জীবনের ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে বাংলা সিনেমা, ‘রাসেলের জন্য অপেক্ষা’। সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। নূর-ই আলম পরিচালিত সিনেমাটিতে একই সঙ্গে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও আফসানা মিমিকে। এরই মধ্যে বাংলাদেশের জাতির পিতার স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে শুটিং হয়েছে সরকারি অনুদানে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র ‘রাসেলের জন্য অপেক্ষা’র।

এতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘আমি এবং মিমি, আমরা দুজন এমন একটি সিনেমায় অভিনয় করেছি, যা ইতিহাসের অংশ হয়ে থাকবে। সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের দুজনের শুটিং হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরে। যে বাড়ির সঙ্গে বাংলাদেশের ইতিহাস জড়িত, যে বাড়ির সঙ্গে আমাদের নারীর সম্পর্ক, আত্মার সম্পর্ক। সেই বাড়িতে গিয়ে শুটিং করব কখনো স্বপ্নেও ভাবিনি। খুব অল্প দৃশ্য, কিন্তু তার মধ্যেও এক অন্য রকম ভালো লাগা রয়েছে। এর আগে ৩২ নম্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে গিয়েছি বহুবার, তখন একটা অন্য অনুভূতি কাজ করেছিল। কিন্তু শুটিংয়ের সময় যখন গেলাম তখন আমি বারবার শিউরে উঠছিলাম। আমার মনে হয় আমার শিল্পীজীবনের অন্যতম শ্রেষ্ঠ অভিজ্ঞতা হয়ে থাকবে এ সিনেমায় কাজ করার বিষয়টি।’

আফসানা মিমি বলেন, ‘অন্য কোনো কাজ করার আগে আমি স্ক্রিপ্টটা ভালোভাবে দেখি। এটি একটি শিশুতোষ সিনেমা এবং সরকারি অনুদানের সিনেমায় কাজ করাটা আমি মনে করি শিল্পী হিসেবে দায়িত্বের মধ্যে পড়ে। বঙ্গমাতার চরিত্রে কাজ করাটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েই করেছি।’

এতে একজন কর্নেলের ভূমিকায় অভিনয় করেছেন ফেরদৌস, যিনি রাসেলের নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। বঙ্গমাতার চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নন্দিত অভিনেত্রী আফসানা মিমি। সেলিনা হোসেনের উপন্যাস ‘রাসেলের জন্য অপেক্ষা’র মূল গল্প হচ্ছে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে।