প্রথমবারের মতো এমন আয়োজনে অংশ নিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে আরো গেয়েছেন রফিকুল আলম, খুরশিদ আলম, কনকচাঁপা, ফেরদৌস আরা, নকুল কুমার বিশ্বাস, সালমা, লিজা, লুইফা, সাগর দেওয়ান, আলেয়া বয়াতি, আক্কাস দেওয়ান, কাজল দেওয়ান, মুক্তা সরকার, আশিকসহ আরো অনেকে।
এ অনুষ্ঠানে প্রথমবারের মতো একসঙ্গে পাঁচটি পল্লীগীতি গেয়েছেন সাবিনা ইয়াসমিন। গানগুলো হলো ‘এই যে দুনিয়া কীসেরও লাগিয়া’, ‘মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়ারে’, ‘ও মুই না শোন না শোন তোর বৈদেশিয়া’, ‘আমি কেমন করে পত্র লিখিরে’ এবং ‘সোনারও বরনী কন্যা সাজে যেন মেঘ কালো সাজিল রে’।
আয়োজন প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘সিনেমায় এর আগে আমি পল্লীগীতি, ফোক গান গেয়েছি। তবে কোনো অনুষ্ঠানে এবারই প্রথম এত পল্লীগীতি একসঙ্গে গাওয়া। খুবই ভালো লেগেছে, এমন চমৎকার আয়োজনে একসঙ্গে এতগুলো পল্লীগীতি গাইবার সুযোগ পেয়ে। বিশেষ ধন্যবাদ সব মিউজিশিয়ানদের, খুব সুন্দরভাবে প্রতিটি গানে তাদের বাদ্যযন্ত্র বাজিয়ে গানগুলোকে প্রাণবন্ত করে তোলার জন্য। আশা করছি, প্রতিটি গানই শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’










