বেশ কিছুদিন ধরেই অসুস্থ অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সম্প্রতি তার ব্রেন টিউমারের অপারেশন হয়েছে। অপারেশনের কয়েকমাস আগে একটি নাটকের শুটিং করেছিলেন। মহিন খানের রচনায় ও পরিচালনায় ‘সংসারে সুখ নাই’ শিরোনামে নাটকটিতে তিনি অভিনয় করেছেন নিলয় আলমগীরের বিপরীতে। সম্প্রতি নাটকটি প্রচারে এল।
এ নাটকে আরো অভিনয় করেছিলেন ডলি জহুর, মাসুম বাশার, শেলী আহসান, সবুজ আহমেদ, সুমাইয়া অর্পা। নাটকে তানিয়া বৃষ্টি ও সুমাইয়া অর্পা দুই বোনের চরিত্রে এবং নিলয় ও সবুজ আহমেদ দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। বৃষ্টি ও অর্পার মায়ের চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর। নিলয় ও সবুজের বাবা মায়ের চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার ও শেলী আহসান। নাটকটি গত ১৭ মার্চ ইউটিউবে প্রকাশিত হয়েছে। প্রকাশের পরপরই নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
নতুন নাটক ও তানিয়া বৃষ্টির অসুস্থ সব মিলিয়ে দর্শক আগ্রহ পেয়েছেন। যে কারণে নাটকটির ভিউও বেশ বাড়ছে। নির্মাতা মহিন খান বলেন, ‘নিলয় ভাই যুক্তরাষ্ট্রে যাবার আগেই মূলত নাটকটি নির্মাণ করা হয়েছিল। দুই বোনের একই পরিবারের দুই ভাইকে বিয়ে করাকে কেন্দ্র করে মূলত নাটকের গল্প। নাটকে শ্রদ্ধেয় ডলি জহুর আপাসহ যারা অভিনয় করেছেন প্রত্যেতেকেই যার যার চরিত্রে নিখুঁত অভিনয় করেছেন। নির্মাতা হিসেবে আমি ভীষণ তৃপ্ত। নাটকটি প্রচারের পর বেশ ভালো সাড়া ফেলেছে। বিশেষত বেশকিছুদিন বিরতির পর নিলয় ভাই ও তানিয়া বৃষ্টি জুটির নাটক পেয়ে দর্শক বেশ উচ্ছ্বসিত।’
ডলি জহুর বলেন, ‘দোয়া করি বৃষ্টিকে আল্লাহ পুরোপুরি সুস্থ করে দিন। বৃষ্টির সঙ্গে সর্বশেষ নাটকটিতেই অভিনয় করেছিলাম। বৃষ্টি বেশ ভালো অভিনয় করে। মানুষ হিসেবেও বৃষ্টি খুউব সুন্দর মনের মানুষ। পূর্ণাঙ্গ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক এ দোয়াই করি।’









