‘আপনার সিট বেল্ট বেঁধে নিন, পাঠানের টিজার চলে এসেছে।’ এই ঘোষণা স্বয়ং শাহরুখ খানের। ২০২৩ সালে মুক্তি পেতে যাওয়া নতুন ছবির টিজার শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা লিখেছেন বলিউড বাদশা। আজ ২ নভেম্বর শাহরুখ খানের ৫৭তম জন্মদিন উপলক্ষে প্রকাশ হওয়ার পরপরই টিজারটি নিয়ে শুরু হয়েছে আলোচনা।
যশ রাজ ফিল্মসের ব্যানারে এই ছবিটি নিয়েই চার বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ খান। সিনেমাপ্রেমীরা প্রকাশিত টিজারটিকে বলছেন, অ্যাকশন-প্যাকড টিজার। এক মিনিট ২৫ সেকেন্ড রানটাইমের টিজারটিতে দেখা যাচ্ছে শাহরুখের নতুন লুক। এছাড়া ছবির ভিএফক্স এবং মিউজিক সম্পর্কেও ধারণা দেবে টিজারটি। লম্বা চুলে শাহরুখের এন্ট্রি ও ব্যাকগ্রাউন্ড মিউজিকও রোমাঞ্চিত করবে ভক্তদের। তার পাশাপাশি খলনায়কের বেশে জন আব্রাহামের উপস্থিতি আভাস দিচ্ছে ধুন্ধুমার অ্যাকশনের।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন বেজড এন্টারটেইনমেন্ট ছবিটিতে দর্শকরা শাহরুখ এবং জন আব্রাহামের পাশাপাশি দেখবেন দীপিকা পাডুকোনকে।
গত মার্চে সিনেমাটির ‘টিজার প্রোমো’ প্রকাশ করেছিলেন নির্মাতারা। ২০২৩ সালের ২৫ জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে পাঠান।










