সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ের আয়োজন নিয়ে সরগরম বলিউড। অনুষ্ঠান করবেন জয়সলমিরে। সূর্যগড় প্যালেসে সাত পাক ঘুরবেন তারা। একটি ইনস্টাগ্রাম পোস্টের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে। অন্যদিকে টাইমস অব ইন্ডিয়া লিখেছিল, বিয়ের জন্য বিলাসবহুল হোটেল বুক করেছেন এ জুটি। বেশ বড় পরিসরেই আয়োজিত হবে তাদের অনুষ্ঠান। এজন্য ভাড়া করা হয়েছে ৮০টি কামরা ও ৭০টি গাড়ি। এর মধ্যে রয়েছে মার্সিডিজ বেঞ্জ ও জাগুয়ার। গাড়িগুলো অতিথিদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার হবে।
সূর্যগড় প্রাসাদকে বলা হয় থর মরুভূমির প্রবেশদ্বার। সেখানে বিভিন্ন ক্যাটাগরির কামরা রয়েছে। সর্বনিম্ন ভাড়ার কামরাটি পেতে প্রতি রাতের জন্য গুণতে হয় ২০ হাজার রুপি। এর বাইরে ‘হাভেলি’ নামের সুইটের রাতপ্রতি ভাড়া ১ লাখ ১০ হাজার রুপি। সূর্যগড় প্যালেসের সজ্জা পুরনো রাজপুত মহলের মতোই। এর সঙ্গে যুক্ত করা হয়েছে নানা আধুনিক সুবিধা। রাজকীয় বিয়ের আয়োজনের জন্য এর চেয়ে ভালো স্থান আর হতে পারে না। সে কারণেই বেছে নেয়া হয়েছে এটি।
সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ের মূল অনুষ্ঠান ৬ ফেব্রুয়ারি হতে পারে বলে জানা গেছে। বিয়ের আগের নানা অনুষ্ঠান, রীতি-রেওয়াজ পালিত হবে ৪ ও ৫ ফেব্রুয়ারি। সূর্যগড়ের আশপাশে যেভাবে নিরাপত্তা বাড়ানো হয়েছে, তা থেকেও ধারণা করা হচ্ছে এখানেই হচ্ছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আয়োজন।
‘শেরশাহ’ সিনেমার এ অভিনেতা-অভিনেত্রী বেশ অনেকদিন ধরেই সম্পর্কে রয়েছেন। ‘শেরশাহ’-র সময় থেকে তাদের সম্পর্ক আরো পোক্ত হয়েছে। সম্প্রতি নানা অনুষ্ঠান ও বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা গেছে। যদিও বিয়ের আয়োজন নিয়ে প্রকাশ্যে তারা তথ্য দেননি। কিন্তু তাদের বিয়ে নিয়ে নানা মহলেই চলছে নানা গুঞ্জন। তবে একথা নিশ্চিত যে ‘বি টাউন’ আরেকটি জমকালো বিয়ের সাক্ষী হতে যাচ্ছে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










