সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যানিমেল ২০২৩ সালে বলিউডের অন্যতম আলোচিত সিনেমা। রণবীর কাপুরের চরিত্রকে কেন্দ্র করে তৈরি এ অ্যাকশন ড্রামা পারিবারিক সম্পর্ক, ক্ষমতা, আবেগ ও সহিংসতার জটিল মনস্তত্ত্বকে তুলে ধরে। মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্যের পাশাপাশি এটি বিষয়বস্তু ও উপস্থাপন নিয়ে তীব্র বিতর্কও তৈরি হয়। এর পরও অ্যানিমেলের গ্রহণযোগ্যতা ক্রমেই বেড়েছে।

এরই ধারাবাহিকতায় জাপানের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহুল আলোচিত এ সিনেমা। ১৩ ফেব্রুয়ারি জাপানে আনুষ্ঠানিক মুক্তির তারিখ নির্ধারণ হয়েছে। তার আগে ৪ ফেব্রুয়ারি নির্বাচিত দর্শকের জন্য একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে সিনেমাটি নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায় বলে জানিয়েছেন নির্মাণসংশ্লিষ্টরা।

এ উপলক্ষে জাপানের দর্শকের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন সিনেমার প্রধান অভিনেতা রণবীর কাপুর। কথোপকথনের সময় তিনি জাপানের সঙ্গে নিজের গভীর পারিবারিক ও সাংস্কৃতিক যোগসূত্রের কথা তুলে ধরেন। রণবীর বলেন, ‘জাপানের সঙ্গে তার একটি গভীর সম্পর্ক রয়েছে।’ এ প্রসঙ্গে তিনি স্মরণ করেন তার দাদা, কিংবদন্তি অভিনেতা ও পরিচালক রাজ কাপুরকে। রণবীরের মতে, রাজ কাপুরের জনপ্রিয় গান ‘মেরা জুতা হ্যায় জাপানি’ আজও প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারত ও জাপানের সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হয়ে আছে।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও শেয়ার করেন রণবীর। ২০১৫ সালে ইমতিয়াজ আলির ছবি ‘তামাশা’-র শুটিংয়ের জন্য টোকিওতে কাটানো সময়ের কথা উল্লেখ করে তিনি জানান, সে সফরেই প্রথমবার জাপানের সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের খুব কাছ থেকে দেখার সুযোগ পান। রণবীরের কথায়, এটি তার জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা। বর্তমানে তার তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে এবং শিগগিরই তিনি মেয়েকে নিয়ে জাপান ঘুরে দেখাতে চান।

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা জাপানের দর্শকের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সিনেমাটি দেখা, পছন্দ ও জাপানে ভারতীয় সিনেমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’

রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল ও তৃপ্তি দিমরি অভিনীত অ্যানিমেল জাপানে মুক্তির মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে সিনেমাটির যাত্রা আরো বিস্তৃত হলো। উল্লেখ্য, ছবির সিকুয়াল ‘অ্যানিমেল পার্ক’। ২০২৭ সালের মাঝামাঝি সময় এর শুটিং শুরুর কথা।

সূত্র: ইন্ডিয়া টুডে