গ্যাংস্টার ড্রামা নির্মাণ করছেন ব্রাত্য বসু। হুগলির দাউদ ইব্রাহিম খ্যাত শ্যামলকে নিয়ে নির্মাণ করছেন সিনেমা। হুব্বা শ্যামলকে নিয়ে নির্মিত এ সিনেমার নামও হুব্বা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। মোশাররফের চরিত্রের লুক ও অন্যান্য বিষয় আগেই প্রকাশ করেছিলেন ব্রাত্য। সম্প্রতি তিনি শুটিং শেষ হওয়ার কথাও জানিয়েছেন।
শুটিং শেষ করে ফেসবুকে পোস্ট করেছেন বসু। লিখেছেন, ‘নতুন ক্রাইম থ্রিলার গ্যাংস্টার ছবি ‘‘হুব্বা’’র শেষ পর্বের বর্ণময় ও চ্যালেঞ্জিং শুটিং শেষ হলো। ছবিতে নাম ভূমিকায় আছেন মোশাররফ করিম। সঙ্গে আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত।’
ব্রাত্য বসু নিজে থিয়েটারকর্মী। ফলে তার সিনেমায় থিয়েটারের অভিনেতাদের সুযোগ দেন তিনি। এ সিনেমায়ও তাই করেছেন। থিয়েটারের শিল্পীদের নিয়ে তিনি বলেন, ‘নতুন একঝাঁক থিয়েটারের ডিসিপ্লিন্ড সম্ভাবনাময় এবং পোড়খাওয়া উদ্দীপক অভিনেতা-অভিনেত্রীরা।’ পশ্চিমবঙ্গের সিনেমায় থিয়েটারের শিল্পীরা সত্যিই ভালো কাজ করেন।
ব্রাত্য বসুর নির্দেশনায় মোশাররফ করিম এই প্রথম অভিনয় করছেন না। এর আগে ‘ডিকশনারি’তে একসঙ্গে কাজ করেছেন তারা। সিনেমাটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে প্রশংসিত হয়েছিল। এ সম্পর্কে ব্রাত্য বসু এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ডিকশনারিতে পুরোদস্তুর সম্পর্কের গল্প বলেছিলাম, এবারের ছবির প্রেক্ষাপট রাজনীতি ও সমাজব্যবস্থা। এটিকে পলিটিক্যাল থ্রিলার বলা যায়।’ অর্থাৎ, ব্রাত্য তার ধারা বদলে ফেলেছেন।
হুব্বা শ্যামলকে নিয়ে নানা ধরনের কথা শোনা যায়। নব্বইয়ের দশকের শেষ দিকে সক্রিয় হওয়া গ্যাংস্টার সে। হুগলিতে ছিল তার রমরমা অবস্থা। হুগলির অপরাধ জগতের সবচেয়ে বড় ডন বলা হয় তাকে। খুন, অপহরণ, মাদক পাচারের মতো অপরাধের সঙ্গে জড়িত ছিল হুব্বা শ্যামল।










