জনপ্রিয় নাট্যদলগুলোর মধ্য অন্যতম জাগরণী থিয়েটার। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির ৩৯তম মঞ্চায়ন হতে যাচ্ছে দলটির। জাগরণী থিয়েটারের আলোচিত ও প্রশংসিত নাটকটি রচনা করেছেন মাহফুজা হিলালী আর নির্দেশনা দিচ্ছেন দেবাশীষ ঘোষ।
১৯৩৯ সালে শাহজাদপুরের শ্রী হরিদাস বসাকের একটি চিঠির উত্তরে চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এ চিঠি ও রবীন্দ্রসাহিত্যের প্রভাবে হরিদাস বসাকের জীবন রবীন্দ্রনাথের ‘ঠাকুরদা’ চরিত্রের মতো হয়ে ওঠে। এ কাহিনী নিয়েই ‘রাজার চিঠি’ নাটকটি লেখা। একসময় যুবক হরিদাস রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে চিঠি লিখেছিলেন। এ নিয়ে তার পরিবার-পরিজন আর বন্ধুবান্ধব হাসাহাসি করেছিল। কিন্তু দেখা যায়, একদিন রবীন্দ্রনাথ সে চিঠির উত্তর দিয়েছেন। এ সময় হরিদাস বসাককে সবাই সমীহ করতে শুরু করে। অন্যদিকে হরিদাস বসাকও সাহিত্য সংস্কৃতির কাজে নিজেকে সঁপে দেন। এরপর ১৯৪৭ আর ১৯৭১ সালে নানা ঘটনা কেন্দ্র করেই এগিয়ে যায় নাটকটির গল্প। নাটকটি প্রসঙ্গে জাগরণী থিয়েটারের সাধারণ সম্পাদক স্মরণ সাহা বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠিকে কেন্দ্র করে এ নাটকের গল্প। এর আগে যতবার নাটকটির মঞ্চায়ন হয়েছে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। আশা করছি, ৩৯তম মঞ্চায়নেও দর্শক নাটকটি আগ্রহ নিয়ে উপভোগ করতে আসবেন। দর্শকের জন্যই আমরা কষ্ট করি। তাই দর্শক নাটক দেখতে এলে আমরা সবচেয়ে বেশি অনুপ্রাণিত হই।’
৩৯তম প্রদর্শনীতে অভিনয় করছেন অনিকেত পাল বাবু, শাহানা জাহান সিদ্দিকা, জুলিয়েট সুপ্রিয়া সরকার, মো. রফিকুল ইসলাম, সজিব ঘোষ, পল্লব সরকার, শ্রেয়া সাহা, বিধান বিশ্বাস, শ্রাবণ সূত্রধর, অনিষা, অপেক্ষা ও স্মরণ সাহা।










