টানা অনেক দিন নাটকে কাজ করছেন না, কিন্তু তার কাজ চোখে পড়ার মতো। কেননা ভালো গল্পে কাজ করতে চান তিনি। চরিত্রই বাছাই করেন ভেবেচিন্তে। সে ধারাবাহিকতায় তার নতুন একটি নাটক এসেছে। নাম ‘অথবা তুমি আমি’। প্রচার শুরুর অল্প দিনেই প্রচুর দর্শক দেখেছে নাটকটি।

বৃষ্টি সিদ্দিকীর গল্পে নাটকের চিত্রনাট্য করেছেন আইয়ূব সিদ্দিকী। নির্দেশনা দিয়েছেন ইমরাউল রাফাত। পারসা ইভানার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। ১২ জুন নাটকটি ইউটিউবে প্রকাশের পর বৃহস্পতিবার পর্যন্ত নাটকটি ১৬ লাখেরও বেশি ভিউ পেয়েছে।

অথবা তুমি আমি প্রসঙ্গে পারসা ইভানা বলেন, ‘নাটকটি প্রচারের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল, কারণ চরিত্রটির একটু ডিফরেন্ট। রাফাত ভাই যেভাবে চেয়েছেন, চেষ্টা করেছি চরিত্রটি সেভাবে ফুটিয়ে তুলতে, আমি বেস্ট ট্রাই করেছি। দর্শকের কাছ থেকে যে পরিমাণ সাড়া পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, তাতে সত্যিই আমি উচ্ছ্বসিত, তাদের প্রতি কৃতজ্ঞতা।’

উল্লেখ্য, সর্বশেষ সুমন আনোয়ারের ওয়েব ছবি ‘মির্জা’য় পারসা ইভানা দ্বৈত চরিত্রে দারুণ অভিনয় করেছেন। এর আগেও বিভিন্ন নাটকে পারসার অভিনয় প্রশংসিত হয়েছে। এবার দর্শক তার ভূয়সী প্রশংসা করছেন। নির্মাতার মতে, পারসার মনোযোগ, নিষ্ঠা ছিল দারুণ। সেই সঙ্গে পরিচালক ও সহশিল্পীর সহযোগিতাও বিশেষ ভূমিকা রেখেছে।