মহামারীর কারণে জনি ডেপের শুটিংয়ের সময়সূচি পিছিয়ে গেছে। এতে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে তার করা মানহানির মামলার শুনানির দিন-তারিখ শুটিংয়ের সময়সূচির সঙ্গে মিলে গেছে। এ নিয়ে ঝামেলায় আছেন জনি ডেপ।

মহামারীর কারণে হলিউডের ছবি মুক্তি, শুটিং সবই পিছিয়েছে। ফ্যান্টাসটিক বিস্টস ফ্র্যাঞ্জাইজির নতুন ছবির শুটিংও পিছিয়েছে। তাতে ঝামেলায় পড়েছেন ছবির অভিনেতা জনি ডেপ। ছবির শুটিং ২০২১-এর জানুয়ারিতে শুরু হওয়ার কথা। কিন্তু একই সময়ে হবে সাবেক স্ত্রী অ্যাম্বারের বিরুদ্ধে করা তার মানহানির মামলার শুনানি।

২০১৯ সালের মার্চে সাবেক স্ত্রী অ্যাম্বারের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জনি। ওয়াশিংটন পোস্টে উপসম্পাদকীয় লিখে যৌন সহিংসতার বিরুদ্ধে কথা বলেছিলেন অ্যাম্বার। এ লেখাতে কোথাও জনি ডেপের নাম উল্লেখ করা হয়নি। তবে লেখার মাধ্যমে তার মানহানি হয়েছে বলে অ্যাম্বারের বিরুদ্ধে মামলা করে দেন জনি। সম্প্রতি জনি এ মামলার শুনানি ২০২১-এর জানুয়ারি থেকে পিছিয়ে মার্চ ও জুনের মধ্যে নেয়ার আবেদন করেছেন।

জনির পক্ষে আইনজীবী আবেদনে বলেছেন, ‘আদালত যখন শুনানির বর্তমান তারিখ ঘোষণা করেছেন, তার অনেক আগেই ওয়ার্নার ব্রস ফ্যান্টাসটিক বিস্ট থ্রির শুটিং জানুয়ারিতে লন্ডনে করার সিদ্ধান্ত নিয়েছিল। কভিড-১৯ স্টুডিওর পরিকল্পনা বরবাদ করে দিয়েছে। বার বার শুটিং পেছানো হয়েছে। এখন লন্ডনের অবস্থা উন্নতি হতে থাকায় সেখানে শুটিংয়ের যে তারিখ নির্ধারণ করা হয়েছে, তা এ মামলার শুনানির তারিখের সঙ্গে মিলে যাচ্ছে।’

আবেদনে বলা হয়েছে এ নির্দিষ্ট সময়ে শুটিং করতে না পারলে জনি ডেপ ওয়ার্নার ব্রসের সঙ্গে করা চুক্তি রক্ষা করতে পারবেন না। তিনি মামলার শুনানিতে অংশ নিতে আগ্রহী হলেও বর্তমান পরিস্থিতির ওপর তার হাত নেই।

 

সূত্র: হলিউড রিপোর্টার