সম্প্রতি সঞ্জয় জানালেন, খলনায়কের সূত্র ধরে আসছে ‘খলনায়ক রিটার্নস’। এরই মধ্যে সিনেমাটির টিজার এসেছে। তিনি জানান, জেলে থাকাকালীন তারা গানবাজনা করতেন। সেখানেই বুঝতে পারেন, খলনায়ক এখানো জনপ্রিয়। এরপর তিনি সুভাষ ঘাইয়ের কাছ থেকে সিনেমার স্বত্ব কেনেন। ভারতীয় গণমাধ্যম ডিএনএর প্রতিবেদন অনুযায়ী, এ সিনেমার স্বত্ব কিনেছে সঞ্জয় দত্তর থ্রি ডাইমেনশন মোশন পিকচার্স ও অক্ষ কাম্বোজ।
টিজারে বোঝা যাচ্ছে, বাল্লু বলরাম চরিত্রে ফিরছেন সঞ্জয়। এখানে তার চরিত্র আরো ডার্ক। তবে সমসাময়িক পরিস্থিতির ভিত্তিতে চরিত্রটি সাজানো হয়েছে।
একটি প্রেস কনফারেন্সে সিনেমাটি নিয়ে কথা বলতে গিয়ে দত্ত বলেন, ‘সিনেমার আইডিয়াটা আমার জেলে থাকাকালীন মাথায় আসে। আমি জেলে গান বাজাতাম। তখন সবচেয়ে বেশি চাহিদা থাকত খলনায়কের গানগুলোর। তখন আমি ওদের কাছে জানতে চেয়েছিলাম, খলনায়ক আবার এলে কে কে দেখবে।’
সঞ্জয় জানান, সহবন্দিদের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পান।
সিনেমাটির শুটিং এখনো শুরু হয়নি এবং অন্যান্য বিস্তারিত তথ্য এখনো গোপন রাখা হয়েছে।
সূত্র: ইয়ন










