ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস। অভিনয়ে আগের মতো নিয়মিত নন তিনি। তবে সম্প্রতি তিনি তার প্রথম সিনেমা পরিচালনা করেছেন। সিনেমার নাম ‘অসম্ভব’।
এরই মধ্যে অসম্ভব অনেক প্রশংসা কুড়িয়ে সেন্সর ছাড়পত্র লাভ করেছে। এ নিয়ে অরুণা বিশ্বাস বলেন, ‘শুরুতেই আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই তথ্য মন্ত্রণালয়কে। কারণ এ মন্ত্রণালয় আমার ওপর আস্থা রেখে আমাকে সিনেমাটি নির্মাণ করার জন্য সরকারি অনুদান দিয়েছে। আমাদের পরিবার এখনো যুদ্ধ করে। কষ্ট করে। যুদ্ধ করেই, কষ্ট করেই আমাদের অনেক কিছু অর্জন করতে হয়। তার পরও একটি ‘অসম্ভব’ অনেক কষ্টের পর নির্মাণ শেষে যখন সেন্সর বোর্ডের সবাই খুব প্রশংসা করছিলেন, তখন মনে হলো যে সত্যি জীবনের একটি ধাপ অতিক্রম করতে পেরেছি। বাবার কথা খুব মনে পড়ছিল যে আমি সেই ব্যক্তিত্ববান সাংস্কৃতিক ব্যক্তিত্বের সন্তান, যার সিনেমা দেখে সেন্সর বোর্ড প্রশংসা করলেন। এখন শুধু একটাই চাওয়া দর্শক যেন হলে গিয়ে সিনেমাটি উপভোগ করেন। আমি অসম্ভবের সব শিল্পী কলাকুশলীর কাছে কৃতজ্ঞ।’
যাত্রাশিল্প ও যাত্রাশিল্পীদের গল্প নিয়েই অসম্ভব সিনেমা, যার শুটিং হয়েছে মানিকগঞ্জে। সরকারি অনুদানের এ সিনেমায় অভিনয় করছেন আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, গাজী আবদুন নূর, শাহেদ, তার বিপরীতে স্বাগতা ও অরুণা বিশ্বাস।
১৯৮৬ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘চাপা ডাঙ্গার বউ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি দুনিয়ায় যাত্রা করেন অরুণা বিশ্বাস। এ সিনেমায় তার বিপরীতে ছিলেন বাপ্পারাজ। প্রথম সিনেমা দিয়েই দর্শকের মনে স্থান করে নিয়েছিলেন অরুণা বিশ্বাস। এরপর তিনি দুর্নাম,সম্মান, দংশন, চরম আঘাত, হাঙর নদী গ্রেনেড-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।










