সম্প্রতি টেলিভিশন চ্যানেল এইচবিওর জনপ্রিয় সিরিজ গেম অব থ্রোনসের প্রিকুয়েল, হাউজ অব দ্য ড্রাগনের নতুন টিজার-ট্রেলার প্রকাশিত হয়েছে।
জর্জ আরআর মার্টিনের লেখা ফায়ার অ্যান্ড ব্লাডের ওপর ভিত্তি করে সিরিজটি নির্মাণ করা হয়েছে। প্রতিটি পর্বের জন্য ব্যয় হয়েছে প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২১ আগস্ট এইচবিওর পর্দায় আসছে ১০ পর্বের সিরিজটি।
হাউজ অব দ্য ড্রাগন সিরিজটি সিংহাসনের পতনের ২০০ বছর আগের গল্পকে তুলে ধরবে। টারগারিয়েনের ইতিহাসের বিশদ বিবরণ দেখানো হবে এতে। এ সিরিজে রয়েছেন রাইস ইফান্স, অলিভিয়া কুক, প্যাডি কনসিডাইন, এমা ডি’আর্সি, ইভ বেস্ট ও ম্যাট স্মিথের মতো তারকারা।
সিরিজটির সহকারী পরিচালক মিগুয়েল সাপোচনিক গত বছর এক সাক্ষাত্কারে বলেছিলেন, ‘এটি অন্য রকম কিছু এবং অন্য রকম হওয়া উচিত। ভিন্ন তারকা, ভিন্ন গল্প এবং ভিন্ন মানুষের গল্প এটি। আশা করি দর্শকদের এটি ভালো লাগবে।’
কনসিডাইন কিং ভিসারিস টারগারিয়েন চরিত্রে অভিনয় করেছেন। এ তারকা বলেন, ‘এখন পর্যন্ত আমার করা কাজগুলোর মধ্যে এটাকে সেরা বলা যায়।’
অন্যদিকে জনপ্রিয় এ সিরিজ নিয়ে কুক বলেন, ‘এটা এ সিরিজের আগের পর্ব থেকে আলাদা। এখানে নারীদের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা দেখানো হয়নি। আমি নিজেই বিষয়টির সঙ্গে স্বাচ্ছন্দ্য নই। আমি অনেক ভাগ্যবান। কারণ আমি আগেই সিরিজটির চিত্রনাট্য পড়ার সুযোগ পেয়েছি। এবারে অনেক পরিবর্তন আনা হয়েছে।’
সূত্র: দ্য গার্ডিয়ান










