আজ শুরু হচ্ছে ২৮তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (কেআইএফএফ)। বিকাল ৪টায় কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এবার উৎসবের উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। আরো উপস্থিত থাকবেন বলিউড অভিনেতা শাহরুখ খান, সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী, তৃণমূল সংসদ সদস্য ও অভিনেতা শত্রুঘ্ন সিনহা, পরিচালক মহেশ ভাট, রানী মুখার্জি, কুমার শানু ও অরিজিৎ সিং। এছাড়া থাকছে টালিউডের একঝাঁক শিল্পী। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ৪২টি দেশের ১৮৩টি সিনেমা দেখানো হবে সেখানে। বাংলাদেশের থাকবে তিনটি সিনেমা। এর মধ্যে রয়েছে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’, মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের তথ্যচিত্র ‘কলকাতায় বঙ্গবন্ধু’ দেখানো হবে এবারের উৎসবে। এছাড়া কলকাতার বাংলা একাডেমি সভাঘরে ২১ ডিসেম্বর দুপুরে থাকবে ‘ল্যাঙ্গুয়েজ অব নিউ এজ সিনেমা’ শিরোনামের টক শো। সেখানে অনির্বাণ ভট্টাচার্য, প্রসূন চট্টোপাধ্যায়, মানস মুকুল পাল ও রাজ চক্রবর্তীর সঙ্গে আলোচনায় অংশ নেবেন বাংলাদেশের নির্মাতা মেজবাউর রহমান সুমন।
এ বছর অমিতাভ বচ্চনকে সম্মান জানিয়ে রাখা হয়েছে বিশেষ আয়োজন। উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে বিগ বি অভিনীত ‘অভিমান’। এছাড়া ‘অমিতাভ বচ্চন: আ লিভিং লিজেন্ড’ শীর্ষক প্রদর্শনীতে তার অভিনীত নয়টি সিনেমা দেখানো হবে।
ভারতে প্রতি বছর যে কয়টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন হয়, কলকাতা চলচ্চিত্র উৎসব তার মধ্যে অন্যতম। ১৯৯৫ সাল থেকে নিয়মিত আয়োজিত হচ্ছে উৎসবটি। আট দিনব্যাপী উৎসবটি চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।










