জনপ্রিয় র্যাপার ও ফ্যাশন তারকা কেনি ওয়েস্টের সময়টা ভালো যাচ্ছে না। বিতর্কিত মন্তব্যের জেরে একের পর এক বিজ্ঞাপন হাতছাড়া হচ্ছে। সম্প্রতি রীতিমতো অপমান করে স্কেচার্সের করপোরেট অফিস থেকে বের করে দেয়া হয়েছে তাকে। খবর সিএনএন।
মাস কয়েক আগে আইনিভাবে নাম পাল্টে ‘ইয়ে’ রেখেছেন কেনি ওয়েস্ট। তার সঙ্গে এক ঘটনার কথা স্বীকারও করেছে অ্যাথলেটদের জন্য জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি।
গতকাল বুধবার এক বিবৃতিতে জানানো হয়, লস অ্যাঞ্জেলেসের করপোরেট ভবনে প্রতিষ্ঠানটির একাধিক নির্বাহী কর্মকর্তার কার্যালয় রয়েছে। কর্তৃপক্ষকে না জানিয়ে ও আমন্ত্রণ ছাড়াই সেখানে এসেছিলেন কেনি।
আরো বলা হয়েছে, ইয়ে অনুমতি ছাড়া ভিডিও করছিলেন। স্কেচার্সের দুজন কর্মকর্তা গায়ক ও তার দলকে ভবন থেকে বের করে দেন।
কিছুদিন আগে অ্যান্টি-সেমেটিক মন্তব্য করেন কেনি ওয়েস্ট। এরপর তাকেবেশ কয়েকটি অংশীদারিত্ব ও ব্যবসায়ী চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে। স্কেচার্সের সঙ্গেও তার চুক্তি ছিল। কিন্তু এখন তার সঙ্গে আর কাজ করার ইচ্ছে নেই বলে জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি জুতা ব্র্যান্ড অ্যাডিডাস তাদের চুক্তি থেকে বাদ দেয় বিখ্যাত এ সংগীতশিল্পীকে। এ প্রসঙ্গে ড্রিঙ্ক চ্যাম্পস পডকাস্টে কেনি বলেছিলেন, আমি নিজেকে অ্যান্টি সেমেটিক কথা বলতেই পারি, তাতে অ্যাডিডাস আমাকে বাদ দিতে পারে না।
কেনির সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে আসা অন্যান্য সংস্থাগুলো হলো ফুট লকার, গ্যাপ ও টিজে ম্যাক্স।










