মলয়ালম ক্রাইম থ্রিলার দৃশ্যম টুর হিন্দি রিমেক মুক্তি পেয়েছে ১৮ নভেম্বর। অনেকদিন পর বলিউডের কোনো সিনেমার পারফরম্যান্স সংশ্লিষ্ট সবাইকে চমকে দিয়েছে। হল মালিক ও ট্রেড অ্যানালিস্টরা রীতিমতো বিস্মিত! সবারই ধারণা ছিল অজয় দেবগন অভিনীতি থ্রিলারটি ভালো করবে। তবে আশার পারদ কেউই বেশি ওপরে তোলেননি। কারণ গত বেশ কয়েক মাসে বলিউডের বড় কোনো ছবিই আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি। কিন্তু দৃশ্যম টু সবার আশাকে ছাড়িয়ে গিয়েছে।
দর্শক দৃশ্যম টুর জন্য এমনভাবে হলে হুমড়ি খেয়ে পড়ছে যে হল মালিকরা লেট নাইট, মিডনাইট ও ভোরবেলার শো চালু করেছেন। এ ধারা গত কয়েক বছরে কেবল সূর্যবংশী, স্পাইডারম্যান: নো ওয়ে হোম, গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি, ব্রহ্মাস্ত্রের মতো কয়েকটি সিনেমার ক্ষেত্রে দেখা গিয়েছে। এরপর বলিউডে কয়েকটি বড় ছবির ক্ষেত্রে এমনটা আর দেখা যায়নি। দৃশ্যম টু দিয়ে হিন্দি ইন্ডাস্ট্রিতে আবার ফিরেছে মধ্যরাত আর সকালের শো।
বলিউড হাঙ্গামাকে ভারতের একটি মাল্টিপ্লেক্সের এক কর্মকর্তা বলেছেন, ‘দৃশ্যম টু কোনো বড় বাজেটের সিনেমা নয়। অনেকে বলেছেন ভিএফএক্সের কাজ থাকলে সিনেমার কাটতি থাকে। কিন্তু দৃশ্যম টু এ দুই মতের মানুষকে ভুল প্রমাণ করেছে। অগ্রিম বুকিং নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম। কিন্তু এত দ্রুতগতিতে শোগুলো পরিপূর্ণ হয়ে উঠবে, সেটা ভাবিনি। প্রথম দিনই অনেক দর্শক টিকিট পায়নি। তারা পরের যেকোনো দিন যেকোনো শোয়ের টিকিট কিনেছে। অনেক হলে অতিরিক্ত শো চালাতে হচ্ছে, এমনকি মধ্যরাতের পরেও।’
মুম্বাইয়ের অনেক হলে রাত ১টা ১৫ মিনিটেও দৃশ্যম টুর শো চলছে। মুক্তির দিনে দৃশ্যম টু ১২-১৩ কোটি রুপির ব্যবসা করতে পারে বলে আভাস দিয়েছিলেন বলিউডের ট্রেড অ্যানালিস্টরা। কিন্তু তাদের প্রত্যাশা ছাড়িয়ে ছবিটি প্রথম দিনেই তুলে নিয়েছে সাড়ে ১৪ কোটি রুপি। গতকাল ছবিটি ২০ কোটি রুপি তুলবে বলে মত দিয়েছেন ট্রেড অ্যানালিস্টরা।
সূত্র: বলিউড হাঙ্গামা










