বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’। আজ রাত ৯টায় প্রচার হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। একক গান, লোকগান, পুঁথি পাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য ও আড্ডার সমন্বয়ে সাজানো অনুষ্ঠানটি প্রতি মাসেই নতুন পর্ব প্রচার হবে।

অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছেন রশিদ সাগর। প্রযোজনায় আছেন ইয়াসির আরাফাত। ‘অভিনন্দন’-এর বিশেষ আকর্ষণ হিসেবে এবারের অনুষ্ঠানের গল্প-আড্ডা পর্বে অংশ নেবেন প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত। এ পর্বে তাকে বিশেষভাবে অভিনন্দন ও সম্মান জানানো হবে।

সংগীত পর্বে থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের কণ্ঠে একটি নতুন গান। পাশাপাশি লোকসংগীত পরিবেশন করবেন শিল্পী শফি মন্ডল, শাহনাজ বেলী ও ডলি মন্ডল।

এ ছাড়াও জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে পুঁথি পাঠ করবেন আরিফ দেওয়ান। সমসাময়িক সামাজিক বাস্তবতা নিয়ে অনুষ্ঠানে থাকছে গুজব-বিষয়ক একটি নাটিকা।

বিনোদনের পাশাপাশি সংস্কৃতি ও সচেতনতার মেলবন্ধনে সাজানো ‘অভিনন্দন’ অনুষ্ঠানটি দর্শকদের জন্য উপভোগ্য একটি আয়োজন হয়ে উঠবে বলে জানান সংশ্লিষ্ঠরা।