মেগাস্টার চিরঞ্জীবীর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গডফাদার’। মোহন রাজার পরিচালনায় এ সিনেমায় জনপ্রিয় দক্ষিণি তারকা নয়নতারাকেও দেখা যাবে। গতকাল টুইটারে নয়নতারার ‘সাথিয়াপ্রিয়া’ চরিত্রের লুক প্রকাশ করেছেন নির্মাতারা। ট্র্যাডিশনাল সুতি চেক শাড়িতে সাদামাটা লুকে দেখা গিয়েছে নয়নতারাকে। কপালে টিপ। কাজ করছেন টাইপরাইটারে। সাধারণ লুকের ছবিটি প্রশংসা পাচ্ছে নয়নতারা ভক্তদের।

গডফাদার নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সিনেমাটির অন্যতম আকর্ষণ সালমান খান। এ সিনেমায় ক্যামিও রোলে দেখা যাবে সালমানকে। গডফাদারের মাধ্যমেই দক্ষিণি সিনেমায় পা রেখেছেন ভাইজান। এতে আরো অভিনয় করেছেন সত্য দেব, পুরী জগন্নাধ, সুনীলসহ অন্যরা। মালয়ালম সিনেমা ‘লুসিফার’-এর তেলেগু রিমেক গডফাদার। এ রাজনৈতিক থ্রিলারটি মুক্তি পাবে আগামী ৫ অক্টোবর।

সম্প্রতি চিরঞ্জীবীর জন্মদিন উপলক্ষে গডফাদারের নির্মাতারা টিজার প্রকাশ করেছেন। টিজারে দেখানো হয়েছে চিরঞ্জীবী বীরের বেশে হেঁটে যাচ্ছেন। এর কয়েক মিনিট পর পর্দায় দেখা যায় নয়নতারাকে। এখানেই শেষ নয়, এর পরই বাইক চালিয়ে আসেন বলিউড সুপারস্টার সালমান খান।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া