এছাড়া তাকে দেখা গেছে বিজ্ঞাপনচিত্রেও। এবার তার অভিষেক হয়েছে রুপালি পর্দায়। অভিনয় করেছেন রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমায়। মাহা অভিনয় করেছেন সামিয়া চরিত্রে। এ সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। এদিকে বঙ্গতে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ’-এর ৭৩ থেকে ৮০ পর্ব প্রচার হয়েছে। এ নাটকে মাহা অভিনয় করেছেন মেহু চরিত্রে। এ চরিত্রেও তিনি বেশ প্রশংসিত হচ্ছেন।
প্রেশার কুকার ও ব্যাচেলর পয়েন্টে কাজ করা এবং প্রতিক্রিয়া পাওয়া প্রসঙ্গে মাহা বলেন, ‘সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই পরিচিতদের কাছ থেকে বেশ সাড়া পেয়েছি। ফেসবুকেও অনেকেই আমার অভিনীত সামিয়া চরিত্রটির প্রশংসা করেছেন। এছাড়া ব্যাচেলর পয়েন্টে অভিনয়ের জন্যও অনেক সাড়া পেয়েছি। সিনেমার হিট পরিচালক, নাটকের হিট পরিচালকের কাজ করে সত্যিই এ সময়ে বেশ খোশমেজাজে আছি আমি। আমি আমৃত্যু অভিনয়ই করে যেতে চাই।’
অভিনয় জীবন নিয়ে বলেন, ‘আট বছর ধরে অভিনয় করছি, এখনো অভিনয়ের তেমন কিছুই জানি না আমি। কিন্তু আমি যখন যে চরিত্রে অভিনয় করি, মন দিয়ে করার চেষ্টা করি। কারো মতো হতে চাই না, আমি আমার নিজের এবং নিজের অভিনয়ের স্বাতন্ত্র্য এক রূপ প্রতিষ্ঠা করতে চাই।’
একদিকে সিনেমা, অন্যদিকে নাটক দুই মাধ্যমের দুই কাজের জন্য মাহা এ সময়ে এসে রয়েছেন বেশ আলোচনায়। আজ মাহার জন্মদিন। এ দিনে কাজ থেকে নিজেকে বিরত রেখে আগামীকাল তিনি শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় নতুন একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করবেন।
মাহার খুব ইচ্ছে ছিল থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত হয়ে অভিনয় শেখার। তিনি হয়তো কোনো একসময় থিয়েটারের সঙ্গে যুক্ত হবেন নিজেকে অভিনয়ে পারদর্শী করে তোলার জন্য। মাহা অভিনীত আলোচিত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ভালো থাকার গল্প’, ‘ক্ষত’, ‘প্রেমিকা’, ‘উড়নচণ্ডী’, ‘কে আমার’, ‘ইয়ে করে বিয়ে’, ‘বেলা অবেলা’, ‘মোবাইল মফিজ’, ‘ভাই প্রেমে পড়ছে’ ইত্যাদি।









